কঠিন মুহূর্তে মেসির স্ত্রীর আবেগঘন বার্তা
স্পোর্টস ডেস্ক : সদ্য শেষ হওয়া ফুটবল বিশ্বকাপে আর্জেন্টিনাকে ১-০ গোলে হারিয়ে দ্বিতীয়বারের মতো চ্যাম্পিয়ন হয়েছে স্পেন। টুর্নামেন্টের গত আসরে লিওনের মেসির নেতৃত্বে দীর্ঘখরা কাটিয়ে চ্যাম্পিয়ন হয় আর্জেন্টিনা।
এবারও ক্যারিয়ারের শেষ বিশ্বকাপে শিরোপা ধরে রাখার স্বপ্ন ছিল লিওনেল মেসির। কিন্তু টুর্নামেন্টের শুরু ধারাবাহিক খেলে যাওয়া আর্জেন্টিনা হোচট খায় ফাইনালে এসে।
বিশ্বকাপ ফাইনালে হেরে শিরোপার স্বপ্ন ফিকে হয়ে যায় আর্জেন্টিনার। পরাজয়ের পর কঠিন মুহূর্তে স্বামী লিওনেল মেসির পাশে দাঁড়িয়ে আবেগঘন বার্তা দিয়েছেন স্ত্রী আন্তোনেল্লা রোকুজ্জো। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া সেই বার্তায় তিনি লিখেছেন, ফল যাই হোক না কেন, মেসিই তার কাছে সবসময় বিশ্বের সেরা।
বিশ্বকাপ ফাইনালের পর নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে আন্তোনেলা লেখেন, ‘তুমি সবসময়ই সেরা, মেসি। শুধু তোমার প্রতিভার জন্য নয়, বরং তুমি কখনো নিজের পরিচয় বদলাওনি বলেই। যা-ই ঘটুক না কেন, তুমি কখনো হাল ছাড়ো না। শেষ মুহূর্ত পর্যন্ত লড়ে যাও এবং নিজের সবটুকু উজাড় করে দাও। এই মানসিকতা, এই শক্তি এবং বারবার ঘুরে দাঁড়ানোর ক্ষমতাই তোমাকে অনন্য করে তুলেছে।’
তিনি আরও লেখেন, ‘তুমি প্রতিদিন আমাদের শেখাও, সত্যিকারের সাফল্য আসে কঠোর পরিশ্রম, ত্যাগ, অধ্যবসায় এবং নিজের স্বকীয়তা ধরে রাখার মধ্য দিয়ে। তুমি শুধু আমাদের সন্তানদের জন্য নয়, কোটি কোটি মানুষের জন্যও অনুপ্রেরণা। শব্দে প্রকাশ করার মতো নয়, আমি তোমাকে কতটা শ্রদ্ধা করি। তোমার পাশে জীবন কাটাতে পারছি, এ জন্য আমি গর্বিত। আমি তোমাকে অনেক ভালোবাসি।’
৩৯ বছর বয়সী মেসি এবারের বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে আর্জেন্টিনাকে টানা দ্বিতীয়বারের মতো ফাইনালে তুলেছিলেন। পুরো টুর্নামেন্টে তিনি করেন ৮ গোল এবং একাধিক গুরুত্বপূর্ণ মুহূর্তে দলকে জয়ের পথ দেখান। তবে নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে স্পেনের শক্তিশালী রক্ষণভাগের সামনে অনেকটাই নিষ্প্রভ ছিলেন তিনি।






