মেডিকেল ভর্তি পরীক্ষায় প্রশ্নফাঁসের ঘটনাকে কেন্দ্র করে শিক্ষার্থীদের লাগাতার আন্দোলনের মুখে পদত্যাগ করেছেন ভারতের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। শুরুতে শিক্ষার্থীদের দাবি কানে না তুললেও আন্দোলন বেগবান হওয়ার পিছু হটে কেন্দ্রে ক্ষমতায় থাকা নরেন্দ্র মোদির বিজেপি সরকার। এবার খোদ বিজেপি-ই পাঞ্জাব প্রদেশের শিক্ষামন্ত্রী হরজ্যোত সিং বাইসের পদত্যাগের দাবি তুলেছে। খবর এনডিটিভির।
তবে পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ও আম আদমি পার্টির নেতা ভগবন্ত মান দাবি করেছেন, তার কার্যকালে পাঞ্জাবে কোনও প্রশ্নপত্র ফাঁসের ঘটনা ঘটেনি।সংবাদ শিরোনাম
বিজেপির মুখপাত্র প্রদীপ ভাণ্ডারী প্রশ্ন তুলে বলেন, ‘পাঞ্জাবের শিক্ষামন্ত্রী কবে পদত্যাগ করছেন? নৈতিকতার খাতিরে অরবিন্দ কেজরিওয়াল কবে পাঞ্জাবের শিক্ষামন্ত্রীর পদত্যাগ চাইবেন?’
তিনি অভিযোগ করেন, পিএসইবি-এর দ্বাদশ শ্রেণির ইংরেজি বোর্ড পরীক্ষা, পাঞ্জাব স্টেট টিচার এলিজিবিলিটি টেস্ট এবং এগ্রিকালচার ডেভেলপমেন্ট অফিসার পরীক্ষাযর প্রশ্নপত্র ফাঁস হয়েছে। পাশাপাশি পাঞ্জাব সাবঅর্ডিনেট সার্ভিসেস সিলেকশন বোর্ড-এর গ্রুপ-বি এবং কম্বাইন্ড রিক্রুটমেন্টেও অনিয়মের অভিযোগ তোলেন তিনি।
তিনি আরও অভিযোগ করেন, নায়েব তহশিলদার এবং ফার্মেসি অফিসার নিয়োগ পরীক্ষায় ব্যাপক মাত্রায় নকল হয়েছে। এ ছাড়া আবগারি ও কর পরিদর্শকের মেধাতালিকায় ভুয়া নাম পাওয়া গেছে।
পাঞ্জাব কংগ্রেসের প্রধান অমরিন্দর সিং রাজাও গত চার বছরে ছয়টি বড় ধরনের প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ তুলেছেন।
তিনি অভিযোগ করে বলেন, ‘পাঞ্জাবের শিক্ষামন্ত্রী হরজ্যোত বাইস কবে পদত্যাগ করবেন? চার বছর। ৬টি বড় প্রশ্নপত্র ফাঁস। অগণিত স্বপ্ন চূর্ণ-বিচূর্ণ। অথচ কোনও জবাবদিহিতা নেই। পাঞ্জাবের শিক্ষার্থীরা উত্তরের দাবিদার। তারা জবাবদিহিতার দাবিদার। তারা একটি ভালো ভবিষ্যতের দাবিদার।’
এদিকে পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মান গত সাড়ে চার বছরে কোনও প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ সম্পূর্ণ উড়িয়ে দিয়েছেন। তবে তিনি স্বীকার করেছেন, দুটি স্থানে পরীক্ষার সময় নকলের চেষ্টা হয়েছিল।
তিনি বলেন, ‘গত সাড়ে চার বছরে পাঞ্জাবে একটিও প্রশ্নপত্র ফাঁস হয়নি। আমি আপনাদের আশ্বস্ত করছি, পাঞ্জাবে কোনও প্রশ্নপত্র ফাঁস হবে না। এটি আমার গ্যারান্টি। আমরা দুটি জায়গা থেকে নকল করার খবর পেয়েছিলাম, তবে পাঞ্জাবে কোনও প্রশ্নপত্র ফাঁস ঘটেনি। আমরা মাত্র ১০ মিনিটের মধ্যে নকলের ঘটনার বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছি।’






