মেসির ফিরে আসা স্মরণীয় করে রাখতে এক অভিনব ব্যবস্থা
স্পোর্টস ডেস্ক : ২০২৬ বিশ্বকাপের ফাইনাল খেলার ১৩ দিন পর যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারে (এমএলএস) ইন্টার মায়ামির হয়ে মাঠে নামেন আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসি। বিশ্বকাপের দীর্ঘ ধকল ও সংক্ষিপ্ত ছুটি কাটিয়ে আবারও লড়াইয়ে ফিরলেন ৩৯ বছর বয়সী ফুটবলার। মেসির ফিরে আসা স্মরণীয় করে রাখতে নিজেদের ঘরের মাঠ ‘নু স্টেডিয়াম’ এক অভিনব ব্যবস্থা করে ক্লাবটি।
মাঠে প্রবেশ মুখে ‘মেসির প্রতি একটি বার্তা; ওপেন মাইক’ রাখা হয়েছিল। প্রবেশের সময় নিজ নিজ অনুভূতি জানিয়ে ম্যাচ দেখতে যাচ্ছিল মেসিভক্তরা। সোশ্যাল প্ল্যাটফর্মে এমন একটি ভিডিও শেয়ার করে এমএলএস।
ভিডিওর ক্যাপশনে লেখা ছিল, ‘লেডিস অ্যান্ড জেন্টলমেন, ইন্টার মায়ামি এবং লিওনেল মেসির ভক্তদের জন্য আজ এক দুর্দান্ত রাত! রেকর্ড গড়া বিশ্বকাপের শেষে আমাদের প্রিয় ‘এল পুলগা’ আবারও এমএলএস মাঠে নামছেন। ইন্টার মায়ামিভক্তরা তাদের ঘরের ছেলেকে স্বাগত জানাতে স্টেডিয়ামে প্রস্তুত।’
ঘরের মাঠে কলম্বাস ক্রু-এর মুখোমুখি হয়েছিল মায়ামি। ম্যাচটি ২-২ গোলে ড্র হয়।
এই ম্যাচে মেসি শুরুর একাদশে ছিলেন না। বদলি খেলোয়াড় হিসেবে ম্যাচের ৫৩তম মিনিটে ড্যানিয়েল পিন্টারের জায়গায় তিনি মাঠে নামেন।
মেসি মাঠে মোট ৩৮ মিনিট খেলেন। এই সময়ে তিনি ৪টি শট নিলেও কোনো গোল বা অ্যাসিস্ট করতে পারেননি।
তবে তার মাঠে নামার মুহূর্তটিতে গ্যালারিতে থাকা ইন্টার মায়ামি ভক্তরা তাকে দাঁড়িয়ে তুমুল করতালি ও উষ্ণ অভ্যর্থনা জানায়।
আগামী ৫ আগস্ট লিগস কাপে আতলেতিকো দে সান লুইসের মুখোমুখি হবে মায়ামি। যা ইন্টার মায়ামি এবং মেসিভক্তদের জন্য পরবর্তী বড় আকর্ষণ হতে যাচ্ছে।






