সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর দিয়ে প্রথম দিনে ভারত থেকে প্রায় ১০০ মেট্রিক টন কাঁচা মরিচ আমদানি করা হয়েছে। সোমবার (৩ আগস্ট) সন্ধ্যা ৬টা পর্যন্ত প্রথম চালানে ১০টি ট্রাকে এসব কাঁচা মরিচ দেশে পৌঁছায়।
সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, প্রতিটি ট্রাকে ৯ থেকে ১১ মেট্রিক টন করে কাঁচা মরিচ ছিল। ভারত থেকে কাঁচা মরিচ আমদানি শুরু হওয়ায় দেশের বাজারে সরবরাহ বাড়বে এবং দাম কিছুটা সহনীয় পর্যায়ে আসবে বলে আশা করছেন ব্যবসায়ীরা।
আমদানির বিষয়টি নিশ্চিত করে ভোমরা কাস্টমস কমিশনার মো. মোস্তাফিজুর রহমান বলেন, সোমবার সন্ধ্যা পর্যন্ত ভোমরা স্থলবন্দর দিয়ে ১০ ট্রাকে ভারতীয় কাঁচামরিচ দেশে এসেছে। শুল্ক ও কাস্টমসের আনুষ্ঠানিকতা শেষে আমদানিকারকেরা এসব মরিচ দেশের বিভিন্ন বাজারে সরবরাহ করবেন।
আমদানিকারকেরা জানান, বাজারে কাঁচা মরিচের সরবরাহ স্বাভাবিক রাখতে রবিবার (২ আগস্ট) ভারত থেকে কাঁচা মরিচ আমদানির অনুমতি দেওয়া হয়েছে। একই সঙ্গে আমদানির ওপর বিদ্যমান শুল্ক ও কর কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলেও বাণিজ্য মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট সূত্রে তাঁদের জানানো হয়েছে।
ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে জানা গেছে, মাত্র ১৫ দিন আগেও জেলার বিভিন্ন বাজারে প্রতি কেজি কাঁচা মরিচ ৫০ টাকা দরে বিক্রি হয়েছে। তবে কয়েক দফা দাম বেড়ে বর্তমানে তা ৩০০ টাকারও বেশি দরে বিক্রি হচ্ছে।
এতে সাধারণ ক্রেতাদের ভোগান্তিতে পড়তে হচ্ছে। সাতক্ষীরা শহরের কাঁচা-পাকা মাল ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক রজব আলী বলেন, টানা বৃষ্টিতে সাতক্ষীরাসহ আশপাশের বিভিন্ন জেলার মরিচক্ষেত পানিতে তলিয়ে গেছে। এতে কাঁচা মরিচের ব্যাপক ক্ষতি হয়েছে। পাশাপাশি অন্যান্য সবজির উৎপাদনও কমেছে। বর্তমানে বাজারে কাঁচা মরিচ ৩০০ টাকারও বেশি দামে বিক্রি হচ্ছে।
ভারত থেকে আমদানি শুরু হওয়ায় দু-এক দিনের মধ্যে দাম কমতে শুরু করবে বলে আশা করছি। এতে ভোক্তাদের ভোগান্তি অনেকটাই কমবে।
ভোমরা সিঅ্যান্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশনের সাবেক সাধারণ সম্পাদক অহিদুল ইসলাম বলেন, সোমবার প্রথম চালানে ১০ ট্রাক কাঁচা মরিচ দেশে এসেছে। আগামীকাল আরো বেশি পরিমাণ কাঁচা মরিচ আমদানির প্রস্তুতি রয়েছে। ধারাবাহিকভাবে আমদানি হলে বাজারে সরবরাহ বাড়বে এবং দাম স্বাভাবিক পর্যায়ে নেমে আসবে বলে আশা করা হচ্ছে।
বার্তা বাজার/আইকে






