ভোলার মনপুরায় বন্ধুর বাড়িতে ঢুকে তার স্ত্রীকে গলায় ছুরি ধরে ধর্ষণের অভিযোগ উঠেছে ইউনিয়ন ছাত্রদল নেতা মো. তানজিলের বিরুদ্ধে।
এ ঘটনায় করা মামলায় পুলিশ তানজিলকে গ্রেপ্তারের পর শুক্রবার (৭ আগস্ট) দুপুরে আদালতের মাধ্যমে ভোলা জেলা কারাগারে পাঠিয়েছে।
একই দিন ধর্ষণের অভিযোগকারী গৃহবধূকে শারীরিক পরীক্ষার জন্য ভোলা ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে পাঠানো হয়।
গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে উপজেলার ৩ নম্বর উত্তর সাকুচিয়া ইউনিয়নের চরগোয়ালিয়া গ্রামে এ ঘটনা ঘটে বলে মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে।
গ্রেপ্তার তানজিল (২৬) চরগোয়ালিয়া গ্রামের ৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। তিনি উত্তর সাকুচিয়া ইউনিয়ন ছাত্রদলের নেতা এবং মনপুরা উপজেলা বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
মামলার এজাহার সূত্রে জানা যায়, ভুক্তভোগীর স্বামী ও তানজিল ঘনিষ্ঠ বন্ধু। ঘটনার রাতে তার স্বামী বাড়ির বাইরে ছিলেন। এ সুযোগে তানজিল কৌশলে ঘরে ঢোকেন। পরে গৃহবধূর গলায় ছুরি ধরে চিৎকার করলে হত্যার হুমকি দেন। এরপর তাকে ধর্ষণ করে পালিয়ে যান।
এজাহারে আরও বলা হয়, রাত সাড়ে ১২টার দিকে স্বামী বাজার থেকে বাড়িতে ফিরলে ভুক্তভোগী তাকে ঘটনাটি জানান। পরে তিনি প্রতিবেশীদের সহযোগিতায় পুলিশকে খবর দেন। পুলিশ অভিযান চালিয়ে তানজিলকে আটক করে।
শুক্রবার দুপুরে ভুক্তভোগী বাদী হয়ে তানজিলসহ অজ্ঞাতনামা আরও একজনের বিরুদ্ধে মনপুরা থানায় মামলা করেন।
অভিযোগকারী গৃহবধূর স্বামী বলেন, ‘সে আমার বন্ধু হয়ে এই নিকৃষ্টতম কাজ করেছে। আমি তার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।’
মনপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজাহারুল ইসলাম বলেন, ধর্ষণ মামলায় গ্রেপ্তার আসামিকে আদালতের মাধ্যমে ভোলা জেলা কারাগারে পাঠানো হয়েছে। ভুক্তভোগীর শারীরিক পরীক্ষার জন্য ভোলা জেলা হাসপাতালে পাঠানো হয়েছে।






