বাংলাদেশ টেপবল ক্রিকেট বোর্ড (বিটিসিবি) আয়োজিত (বিসিএল) ফাইনাল-২০২৬ খেলা দেখতে গিয়ে বিপাকে পড়লেন কালিয়াকৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এএইচএম ফখরুল হোসাইন।
খেলার মাঠে প্রবেশের সময় ভিড়ের মধ্যে ইউএনওর ব্যবহৃত দামি আইফোনটি চুরি হয়ে গেছে। ওই ঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।
ঘটনাটি ঘটেছে শুক্রবার (৭ আগস্ট) বিকালে কালিয়াকৈর উপজেলার পূর্ব চন্দ্রা স্পোর্টিং ক্লাবের খেলার মাঠে। গাজীপুরের কালিয়াকৈরের পূর্বচান্দরা খেলার মাঠে বাংলাদেশ টেপবল ক্রিকেট বোর্ড (বিটিসিবি) আয়োজিত বাংলাদেশ ক্রিকেট লীগ (বিসিএল) ফাইনাল খেলায়।
মন্ত্রী-এমপি উপস্থিতির এত বড় আয়োজনের মাঠেই প্রশাসনের শীর্ষ কর্মকর্তার ফোন চুরির ঘটনায় নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠেছে। অনেকেই বলছেন, এত বড় আয়োজনে আরও কঠোর নিরাপত্তা থাকা দরকার ছিল।
জানা গেছে, বিসিএল ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক এবং সম্মানিত অতিথি হিসেবে মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন ও গাজীপুর-১ আসনের এমপি মজিবুর রহমান উপস্থিত ছিলেন। খেলা দেখতে আসা দর্শক ও অতিথিদের ব্যাপক ভিড় ছিল মাঠের প্রবেশ পথে।
এই ভিড়ের সুযোগে অজ্ঞাত দুর্বৃত্তরা ইউএনও এএইচএম ফখরুল হোসাইনের পকেট থেকে তার ব্যবহৃত আইফোনটি চুরি করে নিয়ে যায়। পরে তিনি বিষয়টি নিরাপত্তায় নিয়োজিত পুলিশ সদস্যদের জানান।
ঘটনার পরপরই মাঠে উপস্থিত পুলিশ সুপার শরিফ উদ্দিন ও কালিয়াকৈর থানার ওসি শহিদুল ইসলাম বিষয়টি অবগত হন।
কালিয়াকৈর থানার ওসি শহিদুল ইসলাম বলেন, ইউএনও স্যারের ফোন হারানোর বিষয়টি আমরা জেনেছি। মাঠে হাজারও মানুষের সমাগম ছিল। আমরা সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে তদন্ত শুরু করেছি। দ্রুত জড়িতদের শনাক্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
তবে আয়োজকরা জানান, খেলাকে ঘিরে আনন্দ-উৎসবের পরিবেশ ছিল। এ ধরনের অপ্রীতিকর ঘটনা অনাকাঙ্ক্ষিত।






