পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী আবদুল আওয়াল মিন্টু আজ বৃহস্পতিবার বিকেলে রাজধানীতে নদীতে দূষণ নিয়ন্ত্রণে শিল্প মালিকদের সঙ্গে মতবিনিময় সভায় যোগ দিয়ে বললেন, দেশকে সম্পদশালী করাই প্রধানমন্ত্রী তারেক রহমানের আসল ইচ্ছা।
আবদুল আওয়াল মিন্টু বলেন, ‘ভবিষ্যত প্রজন্মের জন্য দুটি জিনিস গুরুত্বপূর্ণ। দেশের জন্য সম্পদ সৃষ্টি আর ভালো পরিবেশ সৃষ্টি। যারা দায়িত্ব পালন করবে তারা আর যারা সম্পদ সৃষ্টি করবে তাদের মধ্যে সমন্বয় না থাকলে লক্ষ্য অর্জন হবে না। সম্পদ সৃষ্টির শুরুতে অনেক সমস্যা হয়, পরিবেশ দূষণ হয়, দুর্নীতি হয়, বৈষম্যও হয়।’তিনি আরও বলেন, ‘আজ আমরা বিশেষ করে কথা বলছি বুড়িগঙ্গা ও তুরাগ নদ নিয়ে। নদী দুটি একটি আরেকটির সঙ্গে যুক্ত। যারা পানি দূষণ করছেন তাদের সতর্ক হতে হবে। এরইমধ্যে এ বিষয়ে বিজিএমইসহ চামড়া প্রস্তুতকারীদের সঙ্গে কথা হচ্ছে।’
আবদুল আওয়াল মিন্টু বলেন, ‘প্রধানমন্ত্রীর আসল ইচ্ছা দেশকে সম্পদশালী করা এবং দেশে এমন পরিবেশ সৃষ্টি করা যাতে সমাজ এবং জীবনমানে উন্নয়ন হয়। যাতে শুধু আমরাই নয় ভবিষ্যৎ প্রজন্মও এটি ভোগ করতে পারে।’
‘দূষণমুক্ত সমাজ যেন আমরা গড়ে তুলতে পারি। বিশ্ব ইনডেক্সে বাংলাদেশ শব্দ, বায়ু, পানি দূষণে শীর্ষে। এটি আমাদের জন্য সুখময় হতে পারে না। আগামী প্রজন্মের কথা চিন্তা করে পরিবেশকে উন্নত করতে হবে’-উল্লেখ করেন তিনি।
বার্তা বাজার/এআর






