মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আহমেদ আজম খান জানিয়েছেন, গত ১৮ বছরে গুম, খুন ও নির্যাতনের শিকার পরিবারকে মূল্যায়নের উদ্যোগ নেয়া হচ্ছে।
রাজধানীর প্রেসক্লাবে আজ শনিবার দুপুরে প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে আয়োজিত দোয়া ও আলোচনা সভায় এসব কথা বলেন তিনি।
প্রয়াত খালেদা জিয়ার স্মরণে তিনি বলেন, ‘যাদের ওপর মানুষ একসময় আশা ও ভরসা করেছিল, তারা আজ নিন্দিত। আর যিনি দীর্ঘদিন রাজনীতির সুযোগ পাননি, তিনি আজ মানুষের কাছে নন্দিত হয়ে স্মরণীয় হয়ে আছেন।’
মুক্তিযুদ্ধমন্ত্রী বলেন, ‘নির্যাতিতদের পরিবারকে গেজেটভুক্ত করে স্বীকৃতি দেয়ার পাশাপাশি এ জন্য নতুন একটি অধিদপ্তর গঠন করা হবে। দীর্ঘ ১৮ বছরের জঞ্জাল পরিষ্কার করতে আরও সময় প্রয়োজন।’ এসময় মাত্র পাঁচ মাসেই সরকার ব্যর্থ এমন অভিযোগ তুলে বিরোধী দল সমালোচনা করছে বলেও মন্তব্য করেন তিনি।
বর্তমান গ্যাস, জ্বালানি ও রাজনৈতিক সংকটকে বিগত সরকারের রেখে যাওয়া সমস্যা হিসেবে উল্লেখ করেন আহমেদ আজম খান। একইসঙ্গে জুলাই গণঅভ্যুত্থানে প্রকৃত ভূমিকা রাখা ব্যক্তিদের গেজেটভুক্ত করতে আবারও আবেদন গ্রহণের কথা জানান তিনি।
মন্ত্রী বলেন, ‘গত ১৮ বছরে বিএনপির সঙ্গে সম্পৃক্ত থাকার কারণে যেসব মুক্তিযোদ্ধার নাম তালিকা থেকে বাদ দেয়া হয়েছিল, তাদের বিষয়টিও পুনর্বিবেচনা করা হচ্ছে।’
বার্তা বাজার/এআর






