ভারতের জেন-জি আন্দোলনের নেতা ও ককরোচ জনতা পার্টির (সিজেপি) প্রতিষ্ঠাতা অভিজিৎ দ্বীপকে ‘স্কুল ঠিক করো’ নামে নতুন একটি ক্যাম্পেইন শুরু করেছেন। এর অংশ হিসেবে নিজ গ্রামের একটি স্কুলের টয়লেটে গিয়েছিলেন তিনি। আর স্কুলটির টয়লেটের অবস্থা দেখে ক্ষোভ ঝেরেছেন তিনি। এক্সে টয়লেটটির ভিডিও প্রকাশ করে অভিজিৎ বলেছেন, “কোনো বাচ্চা এটি ব্যবহার করবে কীভাবে।”
অভিজিতের প্রকাশিত ভিডিওতে দেখা যাচ্ছে, টয়লেটের ওপর ছড়িয়ে ছিটিয়ে আছে বিভিন্ন আবর্জনা।
সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস জানিয়েছে, অভিজিৎ আজ শনিবার (১৫ আগস্ট) মহারাষ্ট্রে হিনগোলিতে তার নিজ গ্রাম সান্তুক পিম্পরিতে যান। সেখানে দেশটির স্বাধীনতা দিবস উপলক্ষ্যে স্থানীয় সরকারি স্কুলে পতাকা উত্তোলন করেন তিনি।
এছাড়া ওই স্কুলটির সুযোগ সুবিধা নিয়ে শিক্ষার্থীদের সঙ্গেও কথা বলে তার দল। এরমধ্যে ছাত্রীদের মতামত চাওয়া হলে তারা জানায়, স্কুলের পানি সরবরাহ ব্যবস্থা খারাপ, পর্যাপ্ত সুপেয় পানি নেই, বেঞ্চ নেই এবং স্কুলের ওয়াশরুম নোংরা। এছাড়া স্কুল ভবনের অনেক জানালা বন্ধ ভাঙা থাকার কথা জানায় তারা।অভিজিৎ তার ভিডিওতে বলেন, ওই গ্রামের পঞ্চায়েত কমিটি তাকে কথা দিয়েছে স্কুলের এসব সমস্যা দূর করবে। তিনি আরও বলেন, ভারত স্বাধীন হয়েছে ৮০ বছর হয়েছে। কিন্তু এখনো স্কুলগুলোতে সাধারণ বিষয়গুলোই নেই।
অভিজিৎ অভিযোগ করেন, ভারতে এতদিন যত সরকারই এসেছে কেউ স্কুলের উন্নয়নে কাজ করেনি। তিনি বলেন, সাধারণ মানুষকে এ নিয়ে প্রশ্ন তুলতে হবে; তবেই সমস্যার সমাধান হবে।
সূত্র: হিন্দুস্তান টাইমস
বার্তা বাজার/এআর






