কিশোরগঞ্জের কটিয়াদীতে শিক্ষার্থীদের ডাকে সাড়া দিয়ে বিদ্যালয়ে ছুটে গেলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রবিবার (১৬ আগস্ট) জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠান শেষে আচমিতা জর্জ ইনস্টিটিউট মাঠ থেকে ফেরার পথে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, প্রধানমন্ত্রী তারেক রহমান মানুষের ভিড়ের মধ্য দিয়ে এগিয়ে যাওয়ার সময় রাস্তার পাশের একটি বিদ্যালয় থেকে শিক্ষার্থীরা তাঁকে উদ্দেশ করে ডাকতে থাকে। এ সময় প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা শুভেচ্ছা জানিয়ে বিভিন্ন স্লোগানও দেয়। শিক্ষার্থীদের ডাক শুনে প্রধানমন্ত্রী নির্ধারিত যাত্রা থামিয়ে বিদ্যালয়ের দিকে এগিয়ে যান।
প্রধানমন্ত্রীকে কাছে পেয়ে শিক্ষার্থীরা উচ্ছ্বাসে মেতে ওঠে।
তিনি কিছুক্ষণ তাদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং বিদ্যালয়ের কয়েকটি শ্রেণিকক্ষ ঘুরে দেখেন। পরে আচমিতা জর্জ ইনস্টিটিউটের উচ্চমাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের সঙ্গেও হাত মিলিয়ে শুভেচ্ছা বিনিময় করেন।
আচমিতা ১ নম্বর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী রাতুল হাসান ইমন বলে, ‘প্রধানমন্ত্রীকে দেখে আমরা সবাই যখন ডাক দিলাম, তিনি সাড়া দিয়ে ছুটে এলেন। আমরা ভাবতেই পারিনি, তিনি আমাদের স্কুলে চলে আসবেন। আমাদের সঙ্গে হাত মিলিয়ে ভালো করে পড়াশোনা করে দেশের বড় দায়িত্ব নেওয়ার কথা বলেছেন। অনেক খুশি লাগছে।’
পঞ্চম শ্রেণির আরেক শিক্ষার্থী মোজাম্মেল হোসেন বলে, ‘তিনি প্রতিটি রুমে গিয়ে আমাদের সবার সঙ্গে কথা বলেছেন। প্রথমে বিশ্বাস করতেই কষ্ট হচ্ছিল যে প্রধানমন্ত্রী আমাদের কাছে আসবেন। তিনি সবাইকে ভালোভাবে পড়াশোনা করে বড় কিছু করার জন্য বলেছেন। এতে আমরা সবাই আনন্দিত।’
বিদ্যালয়ের শিক্ষকরা জানান, প্রধানমন্ত্রী শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন এবং মনোযোগ দিয়ে পড়াশোনা করার পরামর্শ দেন। তিনি শিক্ষার্থীদের সঙ্গে হাত মিলিয়ে শুভেচ্ছা বিনিময় করায় বিদ্যালয়ে আনন্দের পরিবেশ সৃষ্টি হয়।
উপজেলা রিসোর্স সেন্টারের ইনস্ট্রাক্টর মো. শাহজাহান কবীর বলেন, ‘প্রধানমন্ত্রী শিক্ষার্থীদের ডাকে ছুটে এসেছেন, এটা বিশাল একটি বিষয়। এর মাধ্যমে তিনি শিক্ষার্থীদের পড়াশোনা করে ভালো কিছু করার জন্য উদ্বুদ্ধ করেছেন। তিনি যেখানে যান, শিক্ষার্থীদের খোঁজখবর নেন এবং তাদের কাছে ছুটে যান। আজও স্কুলের সব শিক্ষার্থীর সঙ্গে কুশল বিনিময় করেছেন।’






