১৫ আগস্টে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানাতে গিয়ে ধানমন্ডি ৩২ নম্বর থেকে গ্রেপ্তার হওয়া দুই নারীকে ৬ মাস আগের সন্ত্রাস বিরোধী আইনের এক মামলায় কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।
আজ রোববার শুনানি শেষে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জাকির হোসাইনের আদালত আসামিদের জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।
দুই তরুণী হলেন—জান্নাতুল ফেরদৌস ওরফে জান্নাত (২১) ও সুমা বড়াল ওরফে ডলি (২৯)। শুনানিতে জান্নাতের পক্ষে আইনজীবী গাজী ফয়সাল ইসলাম এবং সুমা বড়ালের পক্ষে তার আইনজীবী লিটন মিয়া জামিন চেয়ে আবেদন করেন।
পুলিশের প্রসিকিউশন বিভাগের উপপরিদর্শক আবুল বাশার আবদুল্লাহ এ তথ্য নিশ্চিত করেছেন।
যে ঘটনার মামলায় দুই তরুণীকে গ্রেপ্তার দেখানো হয়েছে সেই গত ২৬ ফ্রেব্রুয়ারির। মামলার তদন্ত কর্মকর্তা ধানমন্ডি থানার উপপরিদর্শক আবু সোলায়মান সুমন আজ আদালতে আসামিদের কারাগারে আটক রাখার যে আবেদন করেছেন, তাতে এই মামলা সম্পর্কে উল্লেখ করা হয়েছে।
মামলার অভিযোগে বলা হয়, পুলিশ গোপন সংবাদে জানতে পারে, গত ২৭ ফেব্রুয়ারি ভোর ৬টার দিকে কার্যক্রম নিষিদ্ধ মহিলা আওয়ামী লীগের ২০/২৫ জন ধানমন্ডির ৩ নং রোডে প্ল্যাকার্ড হাতে সরকার বিরোধী মিছিল করার জন্য সমবেত হচ্ছে। সোয়া ৬টার দিকে পুলিশ সেখানে পৌঁছায়। পুলিশ সেখানে থেকে কয়েকজনকে আটক করে।
বাকিরা পালিয়ে যায়। আটক আসামিরা পুলিশের কাছে স্বীকার করে, বাংলাদেশ সরকারকে উৎখাতের জন্য বিভিন্ন ধরণের রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রসহ অপ-প্রচারের উদ্দেশ্যে সেখানে সমবেত হয়ে মিছিল করছিল। ওই ঘটনায় ধানমন্ডি থানায় সন্ত্রাস বিরোধী আইনে মামলাটি দায়ের করা হয়। ধানমন্ডি ৩২ নম্বরে গিয়ে গ্রেপ্তার হওয়া দুই তরুণীকে রোববার সেই মামলায় গ্রেপ্তার দেখানো হলো।
বার্তা বাজার/এআর






