কয়েক ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পেয়ে বাবার জানাজায় অংশ নেন চন্দনাইশ উপজেলা আওয়ামী লীগের সদস্য ও কেন্দ্রীয় উপকমিটির সাবেক নেতা এম শাহাদাৎ নবী খোকা।
এম শাহাদাৎ নবী খোকার বাবা চন্দনাইশ পৌরসভা সদরের হারলা গ্রামের বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী নুরুন্নবী সওদাগর (৮৮) গত রোববার ইন্তেকাল করেন। সোমবার জোহরের নামাজের পর জানাজা শেষে তাঁকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
পরিবার সূত্রে জানা যায়, বাবার মৃত্যুর পর পরিবারের পক্ষ থেকে শাহাদাৎ নবী খোকার প্যারোলে মুক্তির আবেদন করা হয়। আদালত সাড়ে ১১ ঘণ্টার জন্য তাঁর প্যারোল মঞ্জুর করলে চন্দনাইশ থানা পুলিশের একটি দলের তত্ত্বাবধানে তাঁকে হারলা গ্রামের বাড়িতে নিয়ে আসা হয়।
সেখানে মরহুম বাবাকে শেষ নজর দেখার পর জানাজায় অংশ নেন খোকা। এলাকায় প্রায় এক ঘণ্টা অবস্থান ও দাফন প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর আইন অনুসারে তাঁকে পুনরায় পুলিশের হেফাজতে নিয়ে যাওয়া হয়।
স্থানীয় প্রবীণ সাংবাদিক মাস্টার নুরুল আলম জানান, ২০২৪ সালের ৫ আগস্ট ক্ষমতার পরিবর্তনের পর ২০২৫ সালের ১২ আগস্ট শাহাদাৎ নবী খোকাকে ঢাকার পল্টন এলাকা থেকে গ্রেপ্তার করে পুলিশ। ধানমন্ডি থানায় দায়ের করা তিনটি মামলায় অজ্ঞাতনামা আসামি হিসেবে তাঁকে গ্রেপ্তার দেখানো হয়।
এর পর থেকে তিনি গাজীপুরের কাশিমপুর কারাগারে বন্দি রয়েছেন। এর আগে কয়েকবার জামিনে মুক্তির আদেশ পেলেও জেলগেট থেকেই তাঁকে পুনরায় গ্রেপ্তার করা হয়েছিল বলে জানা যায়।






