ন্যাশনাল ডিফেন্স কলেজ (এনডিসি), মিরপুরে অনুষ্ঠিত হলো ক্যাপস্টোন কোর্স ২০২৬/২-এর সমাপনী অনুষ্ঠান। এর মধ্য দিয়ে শেষ হলো কয়েক সপ্তাহের শেখা, অভিজ্ঞতা বিনিময় ও নতুনভাবে দেশকে জানার একটি গুরুত্বপূর্ণ অধ্যায়।
সমাপনী অনুষ্ঠানে ক্যাপস্টোন ফেলো কাজী শাহ আরফিন কোর্স সম্পন্নের সনদ গ্রহণ করেন।
ক্যাপস্টোন কোর্সে দেশের বিভিন্ন পেশা ও ক্ষেত্রের প্রতিনিধিরা অংশ নেন। কোর্সজুড়ে জাতীয় নিরাপত্তা, নেতৃত্ব, অর্থনীতি, সুশাসন, কূটনীতি এবং বাংলাদেশের ভবিষ্যৎ চ্যালেঞ্জ ও সম্ভাবনা নিয়ে আলোচনা ও মতবিনিময়ের সুযোগ তৈরি হয়। পাশাপাশি বিভিন্ন গুরুত্বপূর্ণ সামরিক ও কৌশলগত স্থাপনা পরিদর্শনের মাধ্যমে বাস্তব অভিজ্ঞতা অর্জনের সুযোগ পান ফেলোরা।
কাজী শাহ আরফিন বলেন, “এই কোর্স আমার জন্য শুধু একটি প্রশিক্ষণ বা সনদ অর্জনের বিষয় ছিল না। দেশ, জাতীয় নিরাপত্তা, অর্থনীতি ও নেতৃত্বকে আরও বিস্তৃত দৃষ্টিতে বোঝার একটি অসাধারণ সুযোগ ছিল। বিশেষ করে দেশের সামগ্রিক উন্নয়নের সঙ্গে জাতীয় নিরাপত্তা কতটা গভীরভাবে জড়িত, সেই উপলব্ধি আরও দৃঢ় হয়েছে।”
তিনি ন্যাশনাল ডিফেন্স কলেজের কমান্ড্যান্ট, ফ্যাকাল্টি সদস্য, সংশ্লিষ্ট কর্মকর্তা এবং সহকর্মী ক্যাপস্টোন ফেলোদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানান।
সনদ প্রদানের মধ্য দিয়ে শেষ হয় ক্যাপস্টোন কোর্স ২০২৬/২-এর আনুষ্ঠানিক কার্যক্রম, তবে এখান থেকে অর্জিত অভিজ্ঞতা ও সম্পর্ক ভবিষ্যতের পথচলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন অংশগ্রহণকারীরা।






