আগামীকাল চট্টগ্রামে অনুষ্ঠিত হবে ঐতিহ্যবাহী ৫৫তম জশনে জুলুস-এ ঈদে মিলাদুন্নবী (সা:)। দিনটি উপলক্ষে নগরী সাজানো হয়েছে বর্ণিল সাজে। ষোলশহরের আলমগীর খানকা-এ কাদেরিয়া সৈয়্যদিয়া থেকে টাইগারপাস পর্যন্ত জুলুসের রোডম্যাপ নির্ধারণ করা হয়েছে। নিরাপত্তার স্বার্থে জুলুস চলাকালে লালখান বাজার থেকে মুরাদপুর পর্যন্ত ফ্লাইওভার বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে সিএমপি।
আগামীকাল বুধবার (২৬ আগস্ট) সকাল ৮টায় আনজুমানে রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্টের ব্যবস্থাপনায় জুলুস শুরু হবে। জুলুসের নেতৃত্ব দেবেন সৈয়দ মুহাম্মদ সাবির শাহ। অতিথি হিসেবে থাকবেন সৈয়দ মুহাম্মদ কাসেম শাহ ও সৈয়দ মুহাম্মদ আকিব শাহ।
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) নির্ধারিত রোডম্যাপ অনুযায়ী, সকাল ৮টায় আলমগীর খানকা থেকে শুরু হয়ে জুলুসটি বিবিরহাট, মুরাদপুর, ষোলশহর ২ নম্বর গেট, জিইসি মোড়, ওয়াসা, দামপাড়া ও লালখান বাজার হয়ে টাইগারপাস মোড় ঘুরে একই পথে ফিরে জামেয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদ্রাসা সংলগ্ন জুলুস ময়দানে গিয়ে শেষ হবে।
জুলুস চলাকালে যান চলাচল নিয়ন্ত্রণে লালখান বাজার থেকে মুরাদপুর পর্যন্ত ফ্লাইওভার বন্ধ থাকবে। এ সময়ে নগরবাসীকে বিকল্প সড়ক ব্যবহার করার পরামর্শ দিয়েছে সিএমপি।
জশনে জুলুসকে কেন্দ্র করে সিএমপি কমিশনার হাসান মো. শওকত আলী স্বাক্ষরিত গণবিজ্ঞপ্তিতে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ অধ্যাদেশ, ১৯৭৮-এর ২৮ ও ২৯ ধারায় সব ধরনের অস্ত্র বহন, প্রদর্শন ও ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে। একই সঙ্গে মানুষ বা মূর্তি ও কুশপুত্তলিকা প্রদর্শনও নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।
এদিকে দিনটি উপলক্ষে নগরীর প্রধান সড়ক ও অলিগলিতে তোরণ, ব্যানার ও ফ্ল্যাগে ছেয়ে গেছে। সড়কের ধারে ও অধিকাংশ ভবন ও মসজিদে বর্ণিল আলোকসজ্জা করা হয়েছে।
এবারেও জুলুসে লাখো মানুষের সমাগমের প্রত্যাশা করছে আয়োজক কমিটি।






