নারায়ণগঞ্জের রূপগঞ্জে ৭টি হত্যা মামলাসহ মোট ২৬টি মামলার আসামি এবং একটি হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত শীর্ষ সন্ত্রাসী কাইল্লা সবুজকে বিদেশি পিস্তল, ৭ রাউন্ড গুলি ও একটি ম্যাগাজিনসহ গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তার সহযোগী এজাজুলকেও গ্রেপ্তার করা হয়।
বুধবার (২ সেপ্টেম্বর) রাজধানীর ডেমরা এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে কাইল্লা সবুজকে গ্রেপ্তার করে রূপগঞ্জ থানা পুলিশ। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে রূপসী এলাকা থেকে সহযোগী এজাজুলকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত কাইল্লা সবুজ রূপগঞ্জের মুড়াপাড়া ইউনিয়নের ব্রাহ্মণগাঁও এলাকার কালাই মিয়ার ছেলে। অপর আসামি এজাজুল ভুলতা এলাকার মাঝিপাড়ার মৃত শাহাদাতের ছেলে।
রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএইচএম সালাহউদ্দিন এক প্রেস ব্রিফিংয়ে জানান, কাইল্লা সবুজ একটি হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি। এছাড়া ৭টি হত্যা মামলাসহ বিভিন্ন অপরাধে তার বিরুদ্ধে মোট ২৬টি মামলা রয়েছে। দীর্ঘদিন ধরে সে মুড়াপাড়া এলাকায় সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে ত্রাসের রাজত্ব কায়েমের চেষ্টা করছিল।
ওসি জানান, সম্প্রতি কাইল্লা সবুজের অবস্থান শনাক্ত ও তাকে গ্রেপ্তারে রূপগঞ্জ থানা পুলিশ নজরদারি শুরু করে। প্রায় তিন মাসের নজরদারির পর বুধবার ডেমরা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল, ৭ রাউন্ড গুলি ও একটি ম্যাগাজিন উদ্ধার করা হয়।
পরে কাইল্লা সবুজের দেওয়া তথ্যের ভিত্তিতে তার সহযোগী ও বিভিন্ন মামলার আসামি এজাজুলকে রূপসী এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে তাদের নারায়ণগঞ্জ জেলা আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।






