নাটোর সদর উপজেলার কাফুরিয়া ইউনিয়নের চাঁদপুর বাজারে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে আনারুল ইসলাম (৬০) নামে এক হোমিও চিকিৎসক নিহত হয়েছেন।
বুধবার (২ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টার দিকে চাঁদপুর বাজার এলাকায় এ ঘটনা ঘটে। নিহত আনারুল ইসলাম পুঠিয়া উপজেলার দাসমাড়িয়া এলাকার মৃত আজাহার আলীর ছেলে। চাঁদপুর বাজারে তাঁর একটি হোমিওপ্যাথিক চিকিৎসার দোকান রয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সন্ধ্যায় চাঁদপুর বাজারের পাশে রক্তাক্ত অবস্থায় আনারুল ইসলামকে পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। পরে তাঁকে উদ্ধার করে নাটোর ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক মাইনুল ইসলাম তাঁকে মৃত ঘোষণা করেন।
চিকিৎসক মাইনুল ইসলাম জানান, আনারুল ইসলামের শরীরের বিভিন্ন স্থানে ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে।
ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে কারা এবং কী কারণে তাঁকে ছুরিকাঘাত করে হত্যা করেছে, তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি।
নাটোর সদর থানার ওসি মনসুর রহমান জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। হত্যাকাণ্ডের কারণ ও জড়িতদের শনাক্তে তদন্ত চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।






