বিএনপির স্থায়ী কমিটির অন্যতম সদস্য, বীর মুক্তিযোদ্ধা ও সাবেক মন্ত্রী কুমিল্লা-১ আসনের সংসদ সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, ‘রাজনৈতিক কর্মকাণ্ডের পাশাপাশি এলাকার উন্নয়ন নিশ্চিত করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। ভুল বোঝাবুঝির অবসান ঘটিয়ে মিলেমিশে কাজ করলেই উন্নয়নের নতুন দিগন্ত উন্মোচিত হবে।’
গতকাল শুক্রবার বিকেল ৪টায় কুমিল্লার মেঘনা উপজেলা চত্বরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মেঘনা উপজেলা শাখার উদ্যোগে ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনাসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, ‘কুমিল্লা-১ ও কুমিল্লা-২ আসনের জনগণ তাদের নির্বাচিত করেছেন। এ অঞ্চলের চারটি উপজেলায় মরহুম এম কে আনোয়ারসহ বিএনপির নেতৃবৃন্দের হাত ধরেই ব্যাপক উন্নয়ন হয়েছে।’
ড. মোশাররফ হোসেন বলেন, ‘এই চার উপজেলায় মরহুম এম কে আনোয়ারসহ আমরাই উন্নয়ন করেছি। এটা আপনারা গর্ব করে বলতে পারবেন। উন্নয়নকাজ করতে চাইলে মিলেমিশে করতে হবে। রাজনৈতিক কর্মকাণ্ডসহ সব উন্নয়নমূলক কার্যক্রম ঐক্যবদ্ধভাবে পরিচালনা করতে হবে।’
মেঘনা উপজেলা বিএনপির আহ্বায়ক রমিজউদ্দিন লন্ডনির সভাপতিত্বে এবং সদস্যসচিব সালাউদ্দিন সরকারের সঞ্চালনায় অনুষ্ঠানে ড. খন্দকার মোশাররফ হোসেন বলেন, ‘তিনি প্রথমেই বিএনপির প্রতিষ্ঠাতা ও স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন।’
তিনি বলেন, ‘শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান দল প্রতিষ্ঠার পর আমাকে ছাত্রবিষয়ক দায়িত্ব, যুগ্ম মহাসচিবসহ বিভিন্ন দায়িত্ব দিয়েছেন। পরবর্তীতে আমাকে দলের স্থায়ী কমিটির সদস্য করেছেন। আমি দীর্ঘ ৩২ বছর ধরে স্থায়ী কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করছি।’
তিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, প্রয়াত বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াসহ দলের প্রতিষ্ঠাকালীন নেতৃবৃন্দকে স্মরণ করেন।
ড. মোশাররফ হোসেন বলেন, ‘দুটি জায়গায় মনোনয়ন দেওয়াকে কেন্দ্র করে দলের মধ্যে কিছু ভুল বোঝাবুঝির সৃষ্টি হয়েছিল। তবে কুমিল্লা-২ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ সেলিম ভূঁইয়ার সহযোগিতায় সেই ভুল বোঝাবুঝির অবসান হয়েছে।’
‘অধ্যক্ষ সেলিম ভূঁইয়া আমাদের সঙ্গে যোগ দিয়েছেন। ভুল বোঝাবুঝির অবসান ঘটানোর জন্য আমি তাকে ধন্যবাদ জানাই। এখন আমাদের সবাইকে মিলেমিশে রাজনৈতিক কর্মকাণ্ড ও উন্নয়নমূলক কাজ করতে হবে’-উল্লেখ করেন তিনি।






