চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) নারী শিক্ষার্থীদের আত্মরক্ষার কৌশল শেখাতে পাঁচ দিনব্যাপী বিনামূল্যে আত্মরক্ষা প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন করেছে বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু)। এ কর্মসূচির আওতায় প্রায় ৬০০ নারী শিক্ষার্থী প্রশিক্ষণের সুযোগ পাচ্ছেন।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) বিকেল ৪টায় বিশ্ববিদ্যালয়ের শহীদ হৃদয় চন্দ্র তরুয়া ভবনে এ প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করা হয়।
উদ্বোধন অনুষ্ঠানে চাকসুর ভিপি ইব্রাহিম হোসেন রনি, জিএস সাঈদ বিন হাবিব, ছাত্রীকল্যাণ সম্পাদক নাহিমা আক্তার দ্বীপা এবং সহ-ছাত্রীকল্যাণ সম্পাদক জানাতুল ফেরদৌস রিতাসহ চাকসুর নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
পাঁচ দিনব্যাপী এ প্রশিক্ষণে অংশগ্রহণকারী প্রত্যেক নারী শিক্ষার্থী দুটি সেশনে অংশ নেওয়ার সুযোগ পাবেন। প্রশিক্ষণে মার্শাল আর্টের মৌলিক কলাকৌশল, বিভিন্ন ঝুঁকিপূর্ণ পরিস্থিতিতে আত্মরক্ষার কৌশল এবং শারীরিক সুস্থতা বজায় রাখতে প্রয়োজনীয় কিছু মৌলিক ব্যায়াম শেখানো হবে।
একজন নারী প্রশিক্ষকের পরিচালনায় প্রশিক্ষণ কার্যক্রম অনুষ্ঠিত হবে। দৈনন্দিন জীবনে সম্ভাব্য ঝুঁকিপূর্ণ পরিস্থিতিতে নিজেদের নিরাপদ রাখার বিষয়ে নারী শিক্ষার্থীদের ব্যবহারিক ধারণা দেওয়াই এ কর্মসূচির অন্যতম উদ্দেশ্য বলে জানিয়েছে আয়োজকরা।
চাকসুর সহ-ছাত্রীকল্যাণ সম্পাদক জানাতুল ফেরদৌস রিতা বলেন, “এই আত্মরক্ষা প্রশিক্ষণ ছাত্রীদের আরও আত্মবিশ্বাসী ও সাহসী করে গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তাদের মনোবল দৃঢ় করাই আমাদের অন্যতম লক্ষ্য। আমরা চাই, প্রতিকূল পরিস্থিতিতে একজন ছাত্রী যেন ভয় না পেয়ে নিজের নিরাপত্তা নিশ্চিত করার বিষয়ে প্রয়োজনীয় আত্মবিশ্বাস ও মৌলিক দক্ষতা অর্জন করতে পারেন।”
তিনি আরও বলেন, “প্রায় ৬০০ নারী শিক্ষার্থীকে সম্পূর্ণ বিনামূল্যে এ প্রশিক্ষণের আওতায় আনা হচ্ছে। প্রশিক্ষণের দুটি সেশন সফলভাবে সম্পন্ন করলে অংশগ্রহণকারীদের সার্টিফিকেট প্রদান করা হবে।”
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষার্থীদের নিরাপত্তা, আত্মবিশ্বাস ও আত্মরক্ষার সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে চাকসুর ছাত্রীকল্যাণ বিভাগের উদ্যোগে এ প্রশিক্ষণ কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে।






