ঢাকা   সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

আমার কাছে কাউকে আসতে হবে না, রাতের আঁধারে মানুষের দুয়ারে এমপি হানজালা

Authorডেস্ক রিপোর্ট

প্রকাশ: ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩২ এএম

আমার কাছে কাউকে আসতে হবে না, রাতের আঁধারে মানুষের দুয়ারে এমপি হানজালা

নির্বাচনের মাঠে দাঁড়িয়ে মানুষের কাছে দেওয়া প্রতিশ্রুতির কথা ভুলে যাননি মাদারীপুর-১ (শিবচর) আসনের সংসদ সদস্য পীরজাদা সাইদ উদ্দিন আহমাদ হানজালা। নির্বাচনি প্রচারণার সময় তিনি বলেছিলেন, আমার কাছে কাউকে আসতে হবে না, আমি নিজেই খাবার পৌঁছে দেব।

সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর সেই প্রতিশ্রুতির বাস্তবায়নও শুরু করেছেন তিনি। কোনো ধরনের আনুষ্ঠানিকতা কিংবা লোকদেখানো আয়োজনের বাইরে গিয়ে রাতের আঁধারে শিবচরের সুবিধাবঞ্চিত মানুষের ঘরে ঘরে গিয়ে নিজ হাতে খাদ্যসামগ্রী পৌঁছে দিচ্ছেন তিনি।

সম্প্রতি উপজেলার কুতুবপুর ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে এমনই এক ব্যতিক্রমী কার্যক্রম পরিচালনা করেন হানজালা। রাতের নীরবতায় একের পর এক দরিদ্র ও সুবিধাবঞ্চিত পরিবারের দরজায় গিয়ে হাজির হন তিনি। সঙ্গে থাকা খাদ্যসামগ্রী তুলে দেন পরিবারের সদস্যদের হাতে; পাশাপাশি নেন তাদের খোঁজখবর এবং শোনেন বিভিন্ন প্রয়োজনের কথা।

সংসদ সদস্যের ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত ছবি ও ভিডিওতে তার এই কার্যক্রমের দৃশ্য উঠে এসেছে। দিনের ব্যস্ততা ও প্রাতিষ্ঠানিক আনুষ্ঠানিকতার বাইরে গিয়ে রাতের বেলায় সাধারণ মানুষের বাড়িতে তার এই আকস্মিক উপস্থিতি অনেকের কাছেই হয়ে ওঠে এক আবেগঘন মুহূর্ত।

খাদ্যসামগ্রী পেয়ে কুতুবপুরের বয়োজ্যেষ্ঠ বাসিন্দা সমিরুন্নেছা আবেগাপ্লুত হয়ে সংসদ সদস্যের মাথায় হাত রেখে দোয়া করেন।

তিনি বলেন, আগে কখনো কোনো এমপিকে চোখেই দেখিনি, আর আজ নতুন এমপি নিজে খাবার নিয়ে আমার দুয়ারে হাজির। আল্লাহ তাকে দীর্ঘজীবী করুন।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মাদারীপুর-১ (শিবচর) আসনে বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী হিসেবে ‘রিকশা’ প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করে ৬৪ হাজার ৯০৯ ভোট পেয়ে বিজয়ী হন পীরজাদা সাইদ উদ্দিন আহমাদ হানজালা। নির্বাচনি প্রচারণার সময় হযরত উমর (রা.)-এর শাসনব্যবস্থার উদাহরণ টেনে তিনি অঙ্গীকার করেছিলেন, জনপ্রতিনিধিত্ব শুধু পদ-পদবি ভোগ নয় বরং মানুষের সেবা করার দায়িত্ব।

সাইদ উদ্দিন আহমাদ হানজালা জানান, নির্বাচনি ইশতেহারে দেওয়া প্রতিটি কথা বাস্তবায়নে তিনি বদ্ধপরিকর। জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছে দেওয়ার এই অঙ্গীকার পূরণে তিনি কাজ চালিয়ে যেতে চান এবং এ জন্য শিবচরবাসীর সমর্থন ও সময় কামনা করেন।

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন