আগামী ১৯ সেপ্টেম্বর ৭ দফা দাবিতে ঢাকা থেকে রংপুরের উদ্দেশে লংমার্চের ঘোষণা দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্য।
আজ রোববার দুপুরে ১১ দলীয় ঐক্যের বৈঠক শেষে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে এ কর্মসূচির ঘোষণা দেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ।
সংবাদ সম্মেলনে তিনি অভিযোগ করেন, তেল সংকটের অজুহাতে দেশে জ্বালানি তেলের দাম বাড়ানো হয়েছে। গ্যাস সংকটের কারণে কলকারখানা বন্ধ হয়ে যাচ্ছে। ইতোমধ্যে দেশের প্রায় ১ হাজার ২০০ বেকারি বন্ধ হয়ে গেছে। এ ছাড়াও সারের সংকট দেখা দিয়েছে। এর কারণে কৃষকের উৎপাদন ব্যাহত হলে দেশে খাদ্য সংকট তৈরি হবে বলেও আশঙ্কা প্রকাশ করেন তিনি।
দুর্নীতি-চাঁদাবাজি বন্ধ হয়নি অভিযোগ করে তিনি বলেন, সবমিলিয়ে জনজীবন দুর্বিষহ হয়ে উঠেছে, জনজীবনে নাভিশ্বাস এবং বাংলাদেশ সংকটের মধ্যদিয়ে যাচ্ছে। বিশেষ করে অর্থনৈতিক সংকট তৈরি হয়েছে। অর্থনৈতিক সংকট সমাধান করতে হলে সবাই মিলে রাজনৈতিকভাবে ঐকমত্য দরকার। সবাই মিলে এটি সমাধানের জন্য এগিয়ে আসা প্রয়োজন। সেই জায়গায় সরকার কোনো প্রস্তাব আমলে নিচ্ছে না। এ কারণে বিরোধীদল হিসেবে আমরা একসঙ্গে ১১ দল রাজপথে আগেও ছিলাম, এখনো আছি।
দুর্নীতি ও দখলবাজি বন্ধের দাবি যুক্ত করে ১১ দলীয় ঐক্যের ৬ দফা থেকে ৭ দফা দাবির বিষয়ে হামিদুর রহমান আজাদ বলেন, দাবি আদায়ে আমরা ইতোমধ্যে চট্টগ্রামে লংমার্চ শেষ করেছি। দাবিগুলো জনগণের দাবি হওয়ায় আশার চেয়েও সেখানে আমরা অনেক বেশি সাড়া পেয়েছি। এরই ধারাবাহিকতায় আগামী ১৯ সেপ্টেম্বর দ্বিতীয় লংমার্চ অনুষ্ঠিত হবে। রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে ওইদিন সকাল ৭টায় আমরা জমায়েত হবো।
পরবর্তীতে সকাল ৮টা পর্যন্ত এক ঘণ্টার একটি উদ্বোধনী সভা হবে। পরবর্তীতে রংপুরের উদ্দেশে লংমার্চের পথে পাঁচটি পথসভা অনুষ্ঠিত হবে।
সবশেষে রংপুর জিলা স্কুল মাঠে গিয়ে আমাদের সমাপনী জনসভা অনুষ্ঠিত হবে।
এআর






