ঢাকা   শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

হাত মেলাতে এসেছিল পাকিস্তান দল, মুখের ওপর দরজা বন্ধ করে বুমরাহরা

Authorনিউজ রুম

প্রকাশ: ১৫ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪৯ পিএম

হাত মেলাতে এসেছিল পাকিস্তান দল, মুখের ওপর দরজা বন্ধ করে বুমরাহরা

এশিয়া কাপের মঞ্চে আবারও বাড়ল ভারত-পাকিস্তান ক্রিকেটের উত্তাপ। রোববারের গ্রুপ পর্বের ম্যাচে পাকিস্তানের বিপক্ষে বড় জয় পাওয়ার পর ভারতীয় ক্রিকেটাররা কোনো ধরনের হ্যান্ডশেক ছাড়াই সোজা ড্রেসিংরুমে ফিরে যান। পাকিস্তানি খেলোয়াড়রা অপেক্ষা করলেও দরজা বন্ধ করে দেয় ভারতীয়রা। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, সুর্যকুমার যাদব আর শিভম দুবে মাঠ ছাড়ার পর ভারতীয় ড্রেসিংরুমের দরজা বন্ধ হয়ে যায় এবং পাকিস্তান দল হ্যান্ডশেকের সুযোগই পায়নি।

এর আগে টসের সময়ও একই রকম অস্বস্তিকর পরিস্থিতি তৈরি হয়েছিল। ম্যাচ শেষে পাকিস্তান অধিনায়ক সালমান আলি আগা সতীর্থদের নিয়ে হ্যান্ডশেকের জন্য ভারতীয়দের দিকে এগিয়েও কোনো সাড়া পাননি।

ভারতের এই অবস্থান কেবল মাঠের প্রতিদ্বন্দ্বিতায় সীমাবদ্ধ নয়। এপ্রিল মাসে পেহেলগামে ভয়াবহ জঙ্গি হামলা এবং মে মাসে ভারতীয় সেনাদের ‘অপারেশন সিন্দুর’-এর পর থেকেই দুই দেশের সম্পর্ক আরও উত্তপ্ত। সেই আবহেই এশিয়া কাপের ম্যাচকে ঘিরে বয়কটের দাবিও উঠেছিল। তবে ম্যাচটি অনুষ্ঠিত হলেও ভারতীয় দলের ‘নো-হ্যান্ডশেক’ সিদ্ধান্ত আসলে এক প্রকার বার্তা হিসেবেই ধরা হচ্ছে।

ম্যাচ শেষে অধিনায়ক সুর্যকুমার যাদব বলেন, ‘আমরা দলীয়ভাবে সিদ্ধান্ত নিয়েছিলাম। খেলতে এসেছিলাম, জবাবও দিয়েছি। কিছু বিষয় খেলোয়াড়সুলভ আচরণের ঊর্ধ্বে। এই জয় আমরা উৎসর্গ করছি আমাদের সেনাদের, যারা অপারেশন সিঁদুরে অংশ নিয়েছিলেন এবং পেহেলগামের শহীদদের পরিবারের প্রতি।’

খেলা প্রসঙ্গে বলতে গেলে, টস জিতে ব্যাটিং নেওয়া পাকিস্তান নির্ধারিত ২০ ওভারে করতে পারে মাত্র ১২৭ রান। ভারতের স্পিন আক্রমণের সামনে ব্যর্থ হয় তাদের ব্যাটাররা। কুলদীপ যাদব নেন তিন উইকেট, অক্ষর প্যাটেল দুইটি আর বরুণ চক্রবর্তী একটি উইকেট নেন।

জবাবে ভারতের ওপেনার অভিষেক শর্মা ঝড়ো ১৩ বলে ৩১ রান করেন। শেষ পর্যন্ত সুর্যকুমারের অপরাজিত ৪৭ রানের ইনিংসে ২৫ বল হাতে রেখেই জয় তুলে নেয় ভারত। টানা দ্বিতীয় জয় পেয়ে সুপার ফোর পর্বে প্রায় নিশ্চিতভাবেই পৌঁছে গেছে বর্তমান টি-টোয়েন্টি বিশ্বচ্যাম্পিয়নরা।

 

বার্তা বাজার/এস এইচ

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন