বাংলাদেশ ইসলামী ছাত্রী সংস্থা, ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখার উদ্যোগে নারী শিক্ষার্থীদের অংশগ্রহণে শুরু হয়েছে দু’দিনব্যাপী মেহেদী উৎসব।
মঙ্গলবার (২১ অক্টোবর) সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের বটতলায় এই উৎসবের আয়োজন করা হয়, যা আগামীকাল পর্যন্ত চলবে।
সরেজমিনে দেখা যায়, বটতলার পাশে সুসজ্জিত সামিয়ানার নিচে স্থাপন করা হয়েছে চারটি বুথ। একটি বুথে সংগঠন সম্পর্কে বিস্তারিত তথ্য জানানো হচ্ছে, অপর তিনটি বুথে মেহেদী লাগানো, উপহার প্রদান এবং ‘অনুভূতি বক্স’ রাখা হয়েছে শিক্ষার্থীদের মতামত ও অনুভূতি জানার জন্য। পুরো এলাকা সাজানো হয়েছে উৎসবমুখর পরিবেশে। আমন্ত্রিত শিক্ষার্থীদের জন্য বিভিন্ন ব্যানারও টানানো হয়েছে। একটি ব্যানারে লেখা ছিল, ‘প্রিয় ভাইয়েরা, আপনারা ভিতরে প্রবেশ ও উঁকি মারা থেকে বিরত থাকুন।’
উৎসবের প্রথম দিনেই নারী শিক্ষার্থীদের ব্যাপক অংশগ্রহণ লক্ষ্য করা গেছে। মেহেদী দেওয়ার জন্য লাইনে দাঁড়িয়ে অনেকেই সেবাগ্রহণ করছেন। ইংরেজি বিভাগের এক শিক্ষার্থী বলেন, “ফেসবুকে দেখে ক্লাস শেষে বান্ধবীদের নিয়ে চলে এসেছি মেহেদী দিতে। মেহেদী লাগাতে আমি অনেক পছন্দ করি, তাই এই সুযোগ মিস করতে চাইনি। এখানের আপুরা অনেক আন্তরিক। আমরা চাই তারা এরকম আয়োজন আরও বেশি বেশি করুক।”
উৎসব সম্পর্কে ছাত্রী সংস্থার ইবি শাখার সভানেত্রী ইয়াসমিন আক্তার বলেন, “আলহামদুলিল্লাহ, সুস্থ সংস্কৃতিচর্চার উদ্দেশ্যে শুধুমাত্র ছাত্রীদের নিয়ে ব্যতিক্রমধর্মী এই আয়োজন করেছি। ফ্যাসিস্ট সময়ে এ ধরনের আয়োজন সম্ভব হয়নি। এখন আমরা ছাত্রীদের সম্পৃক্ত করে নিয়মিত কার্যক্রম চালিয়ে যাচ্ছি। ইনশাআল্লাহ সামনে আরও বড় পরিসরে এ ধরনের আয়োজন চলমান থাকবে।”
তিনি আরও জানান, এই উৎসবের মাধ্যমে ছাত্রীদের মাঝে সৌহার্দ্য ও সম্প্রীতির সম্পর্ক স্থাপনই তাদের মূল লক্ষ্য।
বার্তাবাজার/এমএইচ





