বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) ছাত্রদলের নতুন কমিটি গঠনের লক্ষ্যে আজ শনিবার (৬ ডিসেম্বর) নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এবারের নির্বাচনে সাংগঠনিক সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন বিল্লাল হোসেন।
পূর্বে তিনি শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদের সদস্য ছিলেন— এ কারণেই তার প্রার্থিতা নিয়ে বিশ্ববিদ্যালয়জুড়ে চলছে বাড়তি আলোচনা।
কাউন্সিলের নির্বাচন কমিশনার ও কেন্দ্রীয় ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক এনামুল হক এনাম বলেন, ‘বিল্লালকে আমরা ডেকেছিলাম। সে জানিয়েছে তার অনুমতি ছাড়াই শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদে তার নাম দেওয়া হয়েছিল। তবে পরবর্তীতে জুলাই আন্দোলনে সরাসরি মাঠে থেকে কাজ করেছে।’
জুলাই আন্দোলনের সঙ্গে থাকলেই নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা ছাত্রদলের রাজনীতির সঙ্গে জড়িত হয়ে বিভিন্ন পদে নির্বাচন করতে পারেন কি না, এমন প্রশ্ন করা হলে তিনি কোনো সদুত্তর দিতে পারেননি।
তবে এ বিষয়ে অভিযুক্ত বিল্লাল হোসেন বলেন, ‘আমার পারিবারিক বিএনপির রাজনীতির সাথে সম্পৃক্ত। ২০২৩ সালে প্রোগ্রাম করেছি, সেগুলো সিভিতে যুক্ত করেছি। আমি সবসময় ছাত্রদলের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলাম।’
শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদের সদস্যপদ সম্পর্কে জিজ্ঞেস করা হলে তিনি বলেন, ‘ইমিডিয়েট এক সিনিয়র আমার নাম দিয়ে দিয়েছে। সে বিষয়ে কিছু জানতাম না। বড় ভাই তখন বলেছিলেন এটা সামাজিক প্রতিষ্ঠান। তবে যখন আমি বুঝতে পারি, তখন সে গ্রুপ থেকে লিভ নিয়ে নিয়েছি।’
বার্তাবাজার/এমএইচ





