ঢাকা   সোমবার, ০১ জুন ২০২৬, ১৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

কওমি মাদরাসার ছাত্রদের জীবনমান: নীরব ত্যাগ, অদেখা স্বপ্ন

Authorরেডিও বার্তা অনলাইন

প্রকাশ: ১১ এপ্রিল ২০২৬, ০৩:৩২ এএম

কওমি মাদরাসার ছাত্রদের জীবনমান: নীরব ত্যাগ, অদেখা স্বপ্ন

রাত গভীর। ঘড়িতে সময় তিনটা। ঘুমের রাজ্যে সবাই যখন বিভোর, একদল স্বপ্নবাজ তরুণ তখন দাঁড়িয়ে আছে তাহাজ্জুদের জায়নামাজে। ঠান্ডা পানিতে অজু, নীরব ত্যাগ—এই দিয়েই শুরু হয় একজন মাদরাসা শিক্ষার্থীর দিন।
কওমি মাদরাসার ছাত্র;যার জীবনে নেই আড়ম্বর, আছে শুধু নিয়ম, শৃঙ্খলা এবং অদম্য আত্মত্যাগ।

সরলতার ভেতরে কঠোর জীবন

কওমি মাদরাসার ছাত্রদের জীবন খুবই সাধারণ। খাবার বলতে ডাল-ভাত, মাঝেমধ্যে সবজি—নেই কোন বিলাসিতা, চাহিদাও কম। কারও বাবা কৃষক, কারও দিনমজুর। পরিবারের স্বপ্ন—ছেলেটা আলেম হবে, দ্বীনের খেদমত করবে। এই স্বপ্নের বোঝা সে ছোটবেলা থেকেই কাঁধে তুলে নেয়।

একটি ছোট কক্ষে অনেকজন একসাথে থাকা, সীমিত আলো ও বাতাসে পড়াশোনা, পুরোনো বই কিতাব—এসব তার কাছে নতুন কিছু নয়। তবু অভিযোগ খুব কম। কারণ সে জানে, তার পথ আলাদা। এই সরলতার ভেতরেই তারা বড় স্বপ্ন দেখে—একদিন আলেম হবে, মানুষের সামনে সত্য কথা বলবে, সমাজকে সঠিক পথ দেখাবে।

বাংলাদেশের শিক্ষাক্ষেত্রে কওমি মাদরাসাগুলো একটি বিশেষ স্থান দখল করে রেখেছে। দেশের উত্তর থেকে দক্ষিণ, শহর থেকে গ্রাম, অসংখ্য পরিবার এই মাদরাসাগুলোর সাথে সংশ্লিষ্ট। কওমি মাদরাসাগুলো প্রধানত দ্বীনি শিক্ষার ওপর গুরুত্বারোপ করে। কোরআন, হাদিস, ফিকহ, তাজবিদ, আরবি ভাষা, আকীদা, তাফসির ও ইসলামী ইতিহাসের শিক্ষাই শিক্ষার্থীদের মূল পাঠ্যসূচি। তবে সময়ের সাথে সমাজের চাহিদা অনুযায়ী এই শিক্ষাব্যবস্থার আরও সুসংহত ও কার্যকর করা প্রয়োজন। যার মধ্যে আধুনিক শিক্ষা কারিকুলাম সংযোজন। অর্থনৈতিক ও বৃত্তিমূলক সাপোর্ট ও অভ্যন্তরীণ স্ট্রাকচারের সুশৃঙ্খলতা।

ভবিষ্যতের দুশ্চিন্তা

তবে এই শিক্ষা ব্যবস্থায় পড়াশোনা করা বড় একটা অংশ দুশ্চিন্তায় ভোগেন। একটি প্রশ্ন তাদের তাড়া করে—পড়াশোনা শেষে কী হবে? সমাজ কি তাদের যথাযথ মর্যাদা দেবে?কর্মসংস্থানের পথ কি সহজ হবে?
অনেকে স্বপ্ন দেখে মুফতি, খতিব বা শিক্ষক হওয়ার। কিন্তু সুযোগ সীমিত, প্রতিযোগিতা কঠিন। এই অনিশ্চয়তা কখনো কখনো মানসিক চাপ তৈরি করে।

সমাজের দৃষ্টিভঙ্গি ও বাস্তবতা

সমাজ প্রায়শই মানুষের জীবনকে তার বাইরের দৃষ্টিকোণ থেকে বিচার করে। কিন্তু বাস্তবতা অনেক বেশি জটিল এবং গভীর—আমরা প্রায়শই সেই মানুষদের সংগ্রাম, অধ্যবসায়, ধৈর্য ও আত্মত্যাগকে বুঝি না, যারা আমাদের চারপাশে নীরবে কাজ করছে।

কওমি মাদরাসার ছাত্রদের দৃষ্টান্তও এরূপ।সমাজের নানা দৃষ্টিভঙ্গি তাদের প্রতি রয়েছে—কেউ সম্মান দেখায়, কেউ অবহেলা করে। কিন্তু খুব কম মানুষই তাদের জীবনকে কাছ থেকে দেখে। বুঝে। তারা যে দিনরাত অধ্যয়ন, প্রার্থনা এবং পরিশ্রমে কাটায়, তাদের যে স্বপ্ন ও লক্ষ্য আছে, তা তেমন কেউই বোঝার চেষ্টা করে না। প্রকৃতপক্ষে, তারা সম্ভাবনার ভাণ্ডার। তাদেরকে বোঝা মনে করা ভুল। যদি তারা আধুনিক দক্ষতা, ভাষা শিক্ষা, প্রযুক্তি জ্ঞান ও সামাজিক স্বীকৃতি পায়—তাহলে তারা শুধু নিজেদের জীবন নয়, দেশের উন্নয়ন ও সমাজের কল্যাণেও অবদান রাখতে পারে।

সমাজের দৃষ্টিভঙ্গি পরিবর্তনের জন্য আমাদের উচিত শিক্ষার সুযোগ, সমর্থন ও বিশ্বাস দেওয়া। তাদের প্রতিভা বিকাশের জন্য দরকার দিকনির্দেশনা, উৎসাহ এবং মর্যাদা। কারণ সম্ভাবনার প্রতি সম্মান দেখালে, সেই সম্ভাবনা কেবল মানুষের জীবন নয়, সমগ্র সমাজকে সমৃদ্ধ করে।

আজ প্রয়োজন তাদের জীবনমান নিয়ে কেবল সহানুভূতি নয়, সম্মানজনক উপলব্ধি। প্রয়োজন আধুনিক সুযোগ-সুবিধার সাথে মানসম্মত পরিবেশ নিশ্চিত করা, যাতে তারা আরও স্বাচ্ছন্দ্যে ইলমের সাধনা করতে পারে। কারণ এই নীরব ত্যাগের ধারাবাহিকতা রক্ষা করা মানেই একটি নৈতিক, আলোকিত সমাজ গড়ে তোলা।

কওমি মাদরাসার ছাত্রদের জীবন—নীরব ত্যাগের গল্প, অদেখা স্বপ্নের অভিযাত্রা। তাদের পথ কষ্টের হতে পারে, কিন্তু লক্ষ্য মহৎ। আর মহৎ লক্ষ্যই মানুষকে ইতিহাসের পাতায় অমর করে রাখে।

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!