ক্যাম্পাসে কর্মরত সাংবাদিকদের সংগঠন ‘ইসলামী বিশ্ববিদ্যালয় রিপোর্টার্স ইউনিটি’ (ইবিরিইউ)-এর কার্যনির্বাহী পরিষদ (২০২৬) গঠনে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন দৈনিক বাংলা’র প্রতিনিধি মো. সাকিব আসলাম এবং সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন দৈনিক আজকালের খবরের প্রতিনিধি রবিউল আলম।
আজ শনিবার সকাল সাড়ে ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত সংগঠনের কার্যালয়ে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এদিন ভোটগ্রহণ শেষে দুপুরে ফলাফল ঘোষণা করা হয় এবং নবনির্বাচিত কমিটির কাছে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব হস্তান্তর করা হয়। এসময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ, উপ-উপাচার্য অধ্যাপক ড. এম এয়াকুব আলী।
১১ সদস্যবিশিষ্ট কমিটির অন্যান্য দায়িত্বপ্রাপ্তরা হলেন— সাংগঠনিক সম্পাদক মনিরুজ্জামান তুহিন (দৈনিক ভোরের ডাক), দপ্তর সম্পাদক শাহরীয়ার স্বাধীন (ফেস দ্যা পিপল), কোষাধ্যক্ষ সামিউল ইসলাম (দৈনিক জনবাণী), তথ্য ও প্রচার সম্পাদক মাশুক এলাহী (দৈনিক গণকণ্ঠ) এবং সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক আশরাফুল ইসলাম (এশিয়ান টিভি)।
এছাড়া কার্যনির্বাহী সদস্য হিসেবে দায়িত্ব পেয়েছেন মিজানুর রহমান (দৈনিক নবচেতনা), শিহাব উদ্দিন (দৈনিক তৃতীয় মাত্রা), মিনহাজুর রহমান মাহিম (দৈনিক আমাদের সময়) এবং মোসাদ্দেক হোসেন (দৈনিক আজকালের কণ্ঠ)।
নির্বাচন কমিশনের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. মো. ওবায়দুল ইসলাম। সহকারী কমিশনার হিসেবে দায়িত্বে ছিলেন সহকারী প্রক্টর অধ্যাপক ড. ফকরুল ইসলাম ও অধ্যাপক ড. মো. খাইরুল ইসলাম। নির্বাচন পর্যবেক্ষকের দায়িত্বে ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. শাহিনুজ্জামান।
উপস্থিত উপ-উপাচার্য অধ্যাপক ড. এম এয়াকুব আলী বলেন, “আমি একজন ইবিয়ান হিসেবে সাক্ষ্য দিতে পারি, এ যাবৎ কোনো সাংবাদিক ক্যাম্পাসে হলুদ সাংবাদিকতার চর্চা করেনি। এবারও দল-মত নির্বিশেষে সবাই বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ করবে বলে প্রত্যাশা রাখছি।”
নবনির্বাচিত কমিটিকে শুভেচ্ছা জানিয়ে উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ নকীব মোহাম্মদ নসরুল্লাহ বলেন, “নবনির্বাচিত নেতৃত্ব বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতার মানোন্নয়ন ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আমি আশাবাদী। সাংবাদিকতা একটা নেশা, যা পেশায় পরিণত করতে পারলে জাতিকে ভালো কিছু উপহার দেওয়া সম্ভব।”
বার্তা বাজার/এস এইচ






