ঢাকা   বুধবার, ০৮ জুলাই ২০২৬, ২৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

ডিবি পরিচয়ে উঠিয়ে নেওয়া হাসান নাসিমের মুক্তির দাবি ডাকসুর

Authorরেডিও বার্তা অনলাইন

প্রকাশ: ১৮ এপ্রিল ২০২৬, ০৮:১৭ পিএম

ডিবি পরিচয়ে উঠিয়ে নেওয়া হাসান নাসিমের মুক্তির দাবি ডাকসুর

সামাজিক যোগাযোগমাধ্যমে মতপ্রকাশের কারণে ডিবি পরিচয়ে উঠিয়ে নেওয়া গণতান্ত্রিক অধিকার লঙ্ঘনের শামিল উল্লেখ করে হাসান নাসিমের মুক্তির দাবি জানিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু)।

শনিবার (১৮ এপ্রিল) ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের সাধারণ সম্পাদক (জিএস) এস এম ফরহাদ এর পাঠানো এক বার্তায় এ দাবি জানানো হয়।

এস এম ফরহাদ বলেন, এক্টিভিস্ট হাসান নাসিমকে গতকাল ১৭ এপ্রিল নিজ বাসা থেকে ডিবি পরিচয়ে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ পাওয়া গেছে। তার ভাই হাসান নোমান সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক পোস্টে উল্লেখ করেন, আমার ছোট ভাই হাসান নাসিমকে তার বাসা থেকে ডিবি তুলে নিয়েছে। ডিবির অফিসারদের কাছে তার অপরাধ জানতে চাইলে তারা বলেন, সে সরকারের অসংগতির বিরুদ্ধে লেখালেখি করে এবং একটি পেইজ পরিচালনা করে। তার বিরুদ্ধে কোনো মামলা আছে কিনা জানতে চাইলে তারা কিছু বলেনি।

তিনি জানান, তার ভাই হাসান নাসিম বিগত ফ্যাসিবাদী আমলে গণতান্ত্রিক আন্দোলনে অংশগ্রহণের কারণে গ্রেফতার হয়ে দীর্ঘদিন কারাভোগ করেছিলেন।

তিনি বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) এ ধরনের ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছে। মতপ্রকাশের স্বাধীনতা একজন নাগরিকের সংবিধান স্বীকৃত অধিকার। এই অধিকারকে খর্ব করে কাউকে গুম বা আটক করা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

ডাকসু অবিলম্বে হাসান নাসিমকে নিঃশর্ত মুক্তি দেওয়ার দাবি জানাচ্ছে।

ডাকসুর জিএস বলেন, আইনশৃঙ্খলা বাহিনীর এ ধরনের বাসা থেকে তুলে নিয়ে যাওয়ার ঘটনা বিগত ১৭ বছরের স্বৈরাচারী খুনি হাসিনার শাসনামলের কথা মনে করিয়ে দেয়। সেই সময়ে অসংখ্য মানুষকে একইভাবে তুলে নিয়ে যাওয়া হয়েছিল, যাদের অনেকের আর কোনো খোঁজ পাওয়া যায়নি। গুম, নিখোঁজ এবং বিচারবহির্ভূত কর্মকাণ্ড একটি রাষ্ট্রের জন্য চরম লজ্জাজনক। একই সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যমে সরকারবিরোধী মতামত বা সমালোচনার কারণে কাউকে গ্রেফতার করা কোনো গণতান্ত্রিক দেশের চর্চার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।

ফরহাদ হুঁশিয়ারী উচ্চারণ করে বলেন, বর্তমান সরকার যদি সামাজিক যোগাযোগমাধ্যমে সরকারবিরোধী লেখালেখি দমন করতে চায় এবং বাসা থেকে তুলে নিয়ে যাওয়ার মতো কর্মকাণ্ডের মাধ্যমে মানুষের মধ্যে ভয় সঞ্চার করে সমালোচনা থেকে বিরত রাখতে চায় তবে তারা ভুল করছে। কারণ ২০২৪ সালের এই প্রজন্ম রাজপথে নেমে জুলাইয়ের আন্দোলনের মাধ্যমে দীর্ঘ ১৭ বছরের স্বৈরাচারী শাসনের অবসান ঘটিয়েছে। এই প্রজন্মকে ভয় দেখিয়ে থামানো যাবে না; তারা অন্যায়, দমন-পীড়ন এবং মতপ্রকাশের স্বাধীনতা হরণের বিরুদ্ধে সবসময়ই সোচ্চার থাকবে।

 

বার্তা বাজার/এমএমএইচ

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন