চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) আবাসিক হলে সিট বরাদ্দ ও অবৈধভাবে হলে থাকার পাল্টাপাল্টি অভিযোগ তুলেছে ছাত্রশিবির ও ছাত্রদল। ছাত্রশিবির ছাত্রদলের বিরুদ্ধে অবৈধভাবে সিট দখলের অপচেষ্টার অভিযোগ তুলেছে। অন্যদিকে, সুপারিশের মাধ্যমে বরাদ্দ দেয়া সিট বাতিল এবং শিবিরের বিরুদ্ধে হল দখলের অভিযোগ তুলে বিক্ষোভ মিছিল করেছে ছাত্রদল।
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) দুপুরে সংবাদ সম্মেলন করে ছাত্রশিবির। এতে সংগঠনটির সভাপতি ইব্রাহীম হোসেন রনি হলের সিট সম্পূর্ণ স্বয়ংক্রিয় ও মেধার ভিত্তিতে বরাদ্দের দাবি জানান। তিনি বলেন, রাজনৈতিক প্রভাবমুক্তভাবে সিট বণ্টন নিশ্চিত করতে হবে। একই সঙ্গে আগামী ৭২ ঘণ্টার মধ্যে শতভাগ আবাসনের একটি স্পষ্ট রোডম্যাপ ঘোষণার দাবি জানান তিনি।
সংবাদ সম্মেলনে শতভাগ আবাসন, আবাসন ভাতা, চাকসু ও সিনেট নির্বাচনসহ পাঁচ দফা দাবি জানায় ছাত্রশিবির। অন্যদিকে, রাত ১০ টায় বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের উদ্যোগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিল থেকে ছাত্রশিবির ও জামায়াতবিরোধী বিভিন্ন স্লোগান দেয়া হয়।
মিছিলে ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক সাজ্জাদ হোসেন হৃদয় অভিযোগ করে বলেন, ৫ আগস্টের পর শিবির কৌশলে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল দখল করেছে এবং ছাত্রলীগের নেতাকর্মীদের নিজেদের সঙ্গে যুক্ত করে হলগুলো পূর্ণ করেছে।
ছাত্রদলের সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল নোমান অভিযোগ করে বলেন, অন্তর্বর্তী সরকারের সময় ১১টি হলের মধ্যে আটটির প্রভোস্ট জামায়াত-শিবিরের সঙ্গে সংশ্লিষ্ট এবং সুপারিশের মাধ্যমে ১৫০-২০০টি সিট বরাদ্দ দেয়া হয়েছে। তিনি মেধার ভিত্তিতে সিট বরাদ্দের পাশাপাশি সুপারিশে কতটি ও মেধার ভিত্তিতে কতটি সিট দেয়া হয়েছে, তা প্রকাশের দাবি জানান।
এছাড়াও তিনি বলেন, আমরা ছাত্রদল রাজনীতি করি বৈষম্যহীন ক্যাম্পাসের জন্য।






