চট্টগ্রামের ফটিকছড়ি থানার হত্যা ও অস্ত্র আইনের দুই মামলায় শীর্ষ সন্ত্রাসী মোবারক হোসেন ওরফে ডেভিড ইমনকে ১০ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
আজ রোববার চট্টগ্রাম সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তাঁকে জিজ্ঞাসাবাদ করতে রিমান্ডের এই আদেশ দেন।
এদিকে শুনানির আগে তাকে কড়া নিরাপত্তায় চট্টগ্রাম কারাগার থেকে আদালতে আনা হয়।
এ বিষয়ে হাটহাজারী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার কাজী মো. তারেক আজিজ জানিয়েছেন, আসামি ডেভিড ইমনকে জিজ্ঞাসাবাদ করতে দুটি মামলায় সাত দিন করে ১৪ দিনের রিমান্ড আবেদন করা হয়। আদালত শুনানি শেষে পাঁচ দিন করে মোট ১০ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
গত ২৯ জুলাই যশোর জেলার কোতোয়ালি থানার ঝুমঝুমপুর এলাকায় যশোর জেলা পুলিশের সহযোগিতায় অভিযান চালিয়ে ডেভিড ইমনসহ চারজনকে গ্রেপ্তার করে পুলিশ।
তার বিরুদ্ধে দীর্ঘদিন ধরে চট্টগ্রাম মহানগর, ফটিকছড়ি ও রাঙ্গুনিয়াসহ বিভিন্ন এলাকায় সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনা করে আসার অভিযোগ রয়েছে। তাদের বিরুদ্ধে হত্যা, অস্ত্র ও চাঁদাবাজিসহ ১৪টি মামলা রয়েছে বলেও জানায় পুলিশ।






