চট্টগ্রামের বোয়ালখালীর দুটি সাব পোস্ট অফিসে কর্মরত থাকা অবস্থায় গ্রাহকদের সঞ্চয়ী ও মেয়াদি আমানতের ১৫ লাখ ৮৩ হাজার ৯০০ টাকা আত্মসাতের মামলায় সাবেক সাব পোস্টমাস্টার এহসানুল হককে তিন বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।
সোমবার (৩ আগস্ট) চট্টগ্রাম বিভাগীয় বিশেষ জজ মো. মিজানুর রহমান এ রায় দেন।
দুর্নীতি দমন কমিশনের (দুদক) আইনজীবী অ্যাডভোকেট রেজাউল করিম রনি জানান, মামলায় ১৪ জন সাক্ষীর সাক্ষ্য ও অন্যান্য প্রমাণে অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় আদালত আসামিকে ৩ বছরের কারাদণ্ড দেন। একই সঙ্গে আত্মসাতের সমপরিমাণ অর্থাৎ ১৫ লাখ ৮৩ হাজার ৯০০ টাকা জরিমানা করা হয়েছে।
তিনি বলেন, জরিমানা অনাদায়ে আসামিকে আরও ৩ বছরের কারাদণ্ড ভোগ করতে হবে। রায় ঘোষণার সময় এহসানুল হক আদালতে উপস্থিত ছিলেন। পরে সাজা পরোয়ানার মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়।
মামলার নথি সূত্রে জানা যায়, এহসানুল হক বোয়ালখালীর শাকপুরা ও চরদ্বীপ সাব-পোস্ট অফিসে সাব-পোস্টমাস্টার হিসেবে দায়িত্বে ছিলেন। ওই সময় গ্রাহকদের কাছ থেকে সঞ্চয়ী ও মেয়াদি আমানতের টাকা নিয়ে পাসবইয়ে জমার এন্ট্রি দিলেও অফিসের মূল ক্যাশ বই ও জার্নাল বইয়ে তা অন্তর্ভুক্ত না করে আত্মসাৎ করেন।
এর মধ্যে শাকপুরা সাব-পোস্ট অফিসে ৬ লাখ ৪২ হাজার টাকা এবং চরদ্বীপ সাব-পোস্ট অফিসে ৯ লাখ ৪১ হাজার ৯০০ টাকা আত্মসাৎ করেন তিনি। বিভাগীয় তদন্তে মোট ১৫ লাখ ৮৩ হাজার ৯০০ টাকা আত্মসাতের অভিযোগ প্রমাণিত হলে ২০১৬ সালের ১৪ জুলাই বোয়ালখালী থানায় মামলা দায়ের করা হয়।
পরে দুদকের তদন্ত শেষে ২০১৭ সালের ৩০ মে আদালতে অভিযোগপত্র দাখিল করা হলে বিচার কার্যক্রম শুরু হয়। দীর্ঘ বিচার শেষে আদালত এ রায় ঘোষণা করেন।
বার্তা বাজার/আইকে






