ভূমিকম্পের ঝুঁকির কথা বিবেচনা করে দেশের তেল-গ্যাস অনুসন্ধান কূপগুলোতে ৪৮ ঘণ্টার জন্য খননকাজ বন্ধ রাখার নির্দেশনা দিয়েছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়।
রবিবার (২৩ নভেম্বর) বিদ্যুৎ জ্বালানি উপদেষ্টা ফওজুল কবির খান এ তথ্য জানান।
জ্বালানি উপদেষ্টা বলেন, খননকাজ করাটা এমনিতেই ঝুকিপূর্ণ। এরমধ্যে পর পর কয়েকটা ভূমিকম্প হয়েছে। আপাতত ৪৮ ঘণ্টার জন্য সব খননকাজ বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
উপদেষ্টা বলেন, চারবার ভূমিকম্প হয়েছে মানে এই ক্ষেত্রে রিগের (খনন) নিরাপত্তার কথা বিবেচনা করা হচ্ছে। খননকাজ করার সময় এমনিতেই কম্পন অনুভূত হয়, যারা কাজ করছেন তাদের নিরাপত্তার বিষয়টিও আমরা বিবেচনা করেছি। এ জন্য এই নির্দেশনা দেওয়া হয়েছে।
জানা গেছে, ২৫ নভেম্বর সকাল ৮টা পর্যন্ত আপাতত খননকাজ বন্ধ রাখতে বলা হয়েছে।
প্রসঙ্গত, শনিবার (২২ নভেম্বর) সন্ধ্যা ৬টা ৬ মিনিটে একটি ভূ-কম্পন হয়, যার মাত্রা ছিল রিখটার স্কেলে ৩ দশমিক ৭, এটির উৎপত্তি স্থল ছিল রাজধানীর বাড্ডা, পরে আবহাওয়া অধিদফতর জানায়, প্রায় একই সময়ে এক সেকেন্ডের ব্যবধানে আরও একটি কম্পন হয়েছে, যার মাত্রা ছিল ৪ দশমিক ৩, এর উৎপত্তিস্থল ছিল নরসিংদী। এছাড়া শনিবার সকাল ১০টা ৩৬ মিনিট ১২ সেকেন্ডে নরসিংদীর পলাশ উপজেলায় ৩ দশমিক ৩ মাত্রার ভূমিকম্প রেকর্ড করা হয়। তারও আগে শুক্রবার (২১ নভেম্বর) সারা দেশে স্মরণকালের সবচেয়ে ভয়াবহ ভূমিকম্প অনূভূত হয়। এ ঘটনায় ঢাকাসহ বিভিন্ন জেলায় মারা গেছেন ১০ জন। আহত হয়েছেন কয়েকশ’ মানুষ। ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল নরসিংদী।
এতগুলো ভূমিকম্পের পর সারা দেশে মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ঢাকা বিশ্ববিদ্যালয়সহ বেশ কিছু শিক্ষা প্রতিষ্ঠান ইতোমধ্যে বন্ধ করে দেওয়া হয়েছে। অনেকে অনলাইনে ক্লাস নিচ্ছেন।






