ইসলামী ব্যাংকের পরিচালনা পরিষদ ভেঙে দেয়া হয়েছে। সেই সঙ্গে ব্যাংকটির চেয়ারম্যানসহ সব পরিচালকের নিয়োগ বাতিল করেছে বাংলাদেশ ব্যাংক। রোববার (১৪ জুন) রাতে কেন্দ্রীয় ব্যাংকের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে।
এর আগে চেয়ারম্যান নিয়োগকে কেন্দ্র করে সৃষ্ট আস্থাহীনতা, গ্রাহকদের ব্যাপক আমানত প্রত্যাহার এবং তারল্য সংকটের মধ্যে রোববার ইসলামী ব্যাংকের শীর্ষ নির্বাহীদের নিয়ে জরুরি বৈঠকে বসে বাংলাদেশ ব্যাংক। বিকেলে বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে গভর্নরের উপস্থিতিতে ওই বৈঠক অনুষ্ঠিত হয়।
এদিকে নতুন করে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মোহাম্মদ জহির হোসেনকে ইসলামী ব্যাংকের প্রশাসক হিসেবে নিয়োগ দেয়া হয়েছে। কেন্দ্রীয় ব্যাংকের এক বিজ্ঞপ্তিতে পরিচালনা পরিষদ ভেঙে দেয়ার পাশাপাশি প্রশাসক নিয়োগ দেয়ার বিষয়টি জানানো হয়েছে।
এতে বলা হয়, ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১ এর ৪৫ ধারায় ও ৪৭(৩) ধারায় বাংলাদেশ ব্যাংকের ওপর অর্পিত ক্ষমতাবলে এবং ব্যাংক-কোম্পানির স্বার্থে, আমানতকারীদের স্বার্থে ও জনস্বার্থে বাংলাদেশ ব্যাংক ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির পরিচালনা পর্ষদের চেয়ারম্যানসহ সব পরিচালকের নিয়োগ বাতিল করেছে। সেই সঙ্গে ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১ এর ৪৭(৩) ধারায় বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মোহাম্মদ জহির হোসেন পর্ষদের যাবতীয় ক্ষমতা প্রয়োগ ও দায়িত্ব পালন করবেন।






