ইসরায়েল-যুক্তরাষ্ট্র জোটের সঙ্গে চলমান উত্তেজনার প্রেক্ষাপটে ইসরায়েলের বিভিন্ন লক্ষ্যবস্তুতে একাধিক দফায় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে ইরান। শনিবার দিবাগত রাত থেকে শুরু হওয়া এসব হামলার তথ্য জানিয়েছে টাইমস অব ইসরায়েল।
প্রতিবেদন অনুযায়ী, মধ্যরাতের পর থেকে এখন পর্যন্ত অন্তত পাঁচ দফা ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে। তবে রোববার দুপুরের পর সর্বশেষ হামলায় তাৎক্ষণিকভাবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) জানায়, জেরুজালেম ও মধ্য ইসরায়েলের বিভিন্ন এলাকায় সাইরেন বাজিয়ে বাসিন্দাদের সতর্ক করা হয়। ইরান থেকে ছোড়া ক্ষেপণাস্ত্রগুলো আকাশেই প্রতিহত করা হয়েছে বলে দাবি করেছে আইডিএফ।
উত্তর ইসরায়েলের দিকে নিক্ষিপ্ত একটি ক্ষেপণাস্ত্র জনশূন্য এলাকায় আঘাত হানে। সামরিক নিয়ম অনুযায়ী সেটিকে আঘাত হানতে দেওয়া হয়েছিল বলে জানিয়েছে বাহিনীটি।
একই সময়ে লেবানন থেকেও উত্তর ইসরায়েলের দিকে কয়েকটি রকেট ছোড়া হয়। আইডিএফ বলছে, এসব রকেটের কিছু মাঝপথে ধ্বংস করা হয়েছে এবং বাকিগুলো খোলা স্থানে গিয়ে পড়ে।
ক্ষেপণাস্ত্র হামলার আশঙ্কায় জেরুজালেম, মধ্য ইসরায়েল, শফেলা অঞ্চল এবং লোহিত সাগর উপকূলবর্তী এলাকাগুলোতে একাধিকবার সতর্কতামূলক সাইরেন বাজানো হয়। আইডিএফ জানিয়েছে, ইরান থেকে নতুন করে ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের সংকেত পাওয়ার পর এসব সতর্কতা জারি করা হয়।
তবে এখন পর্যন্ত কোথাও বড় ধরনের ক্ষয়ক্ষতি বা সরাসরি আঘাতের খবর পাওয়া যায়নি বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্রগুলো।
সূত্র: টাইমস অব ইসরায়েল
বার্তা বাজার/এমএমএইচ





