ঢাকা   বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

হরমুজে তেলযুদ্ধ! বিশ্ব অর্থনীতিতে ভয়াবহ ঝুঁকি—গুতেরেসের সতর্কবার্তা

Authorরেডিও বার্তা ডেস্ক

প্রকাশ: ১৪ এপ্রিল ২০২৬, ০৭:৫০ পিএম

হরমুজে তেলযুদ্ধ! বিশ্ব অর্থনীতিতে ভয়াবহ ঝুঁকি—গুতেরেসের সতর্কবার্তা

হরমুজ প্রণালিতে চলমান উত্তেজনা বিশ্ব অর্থনীতিকে আরও অনিশ্চয়তার দিকে ঠেলে দিচ্ছে বলে সতর্ক করেছেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস। সোমবার (১৪ এপ্রিল) তিনি বলেন, এই গুরুত্বপূর্ণ জলপথে সব পক্ষকে নৌ-চলাচলের স্বাধীনতা নিশ্চিত করতে হবে।

বার্তা সংস্থা এএফপি জানায়, ইরান ও যুক্তরাষ্ট্রের পাল্টাপাল্টি পদক্ষেপে হরমুজ প্রণালি কার্যত সংকটকেন্দ্রে পরিণত হয়েছে। কারণ বিশ্বের মোট তেল ও গ্যাস পরিবহনের প্রায় এক-পঞ্চমাংশ এই পথ দিয়েই যায়। ফলে এখানে জাহাজ চলাচলে বিঘ্ন ঘটলে তা শুধু মধ্যপ্রাচ্য নয়, পুরো বিশ্ব বাজারে বড় ধরনের প্রভাব ফেলতে পারে।

জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র স্টিফেন দুজারিক এক বিবৃতিতে বলেন, হরমুজ প্রণালিতে বিঘ্ন ইতোমধ্যেই আশপাশের অঞ্চল ছাড়িয়ে আন্তর্জাতিক পর্যায়ে প্রভাব ফেলেছে। এতে বিশ্ব অর্থনীতি আরও অস্থিতিশীল হচ্ছে এবং বিভিন্ন খাতে অনিশ্চয়তা বাড়ছে।

এদিকে সোমবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানি বন্দর ও উপকূলীয় এলাকায় জাহাজ চলাচলের ওপর অবরোধ আরোপের নির্দেশ দেন। শান্তি আলোচনায় উল্লেখযোগ্য অগ্রগতি না হওয়ায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানানো হয়।

অন্যদিকে, গত ২৮ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া মার্কিন-ইসরাইলি হামলার প্রতিক্রিয়ায় ইরান ইতোমধ্যেই হরমুজ প্রণালি দিয়ে যান চলাচল কার্যত বন্ধ করে দিয়েছে।জাতিসংঘ জানায়, সংঘাতের কারণে প্রায় ২০ হাজার নাবিক সমুদ্রে আটকে পড়েছেন। তারা জাহাজেই অবস্থান করছেন এবং প্রতিদিন ক্রমবর্ধমান মানবিক সংকটে পড়ছেন।

এ অবস্থায় গুতেরেস আবারও শান্তি আলোচনা চালিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছেন। একই সঙ্গে তিনি যুদ্ধবিরতি বজায় রাখার ওপর গুরুত্ব দিয়ে বলেন, যেকোনো ধরনের লঙ্ঘন অবিলম্বে বন্ধ করতে হবে।

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!