যুদ্ধের পেছনে বিপুল অর্থ ব্যয়কারী নেতাদের তীব্র সমালোচনা করেছেন পোপ চতুর্দশ লিও। আফ্রিকার দেশ ক্যামেরুন সফরকালে তিনি বলেন, বিশ্ব এখন ‘কয়েকজন স্বৈরশাসকের হাতে ধ্বংসের পথে’ এগিয়ে যাচ্ছে।
সহিংসতায় ক্ষতিগ্রস্ত একটি অঞ্চলে বক্তব্য রাখতে গিয়ে পোপ বলেন, কিছু নেতা নিজেদের স্বার্থে ‘সৃষ্টিকর্তার নাম পর্যন্ত ব্যবহার করছেন’ এবং যুদ্ধ ও ধ্বংসে বিলিয়ন বিলিয়ন ডলার ব্যয় করছেন। অথচ শিক্ষা, চিকিৎসা ও পুনর্গঠনের জন্য প্রয়োজনীয় অর্থ বরাদ্দ করা হচ্ছে না। খবর বিবিসির।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সাম্প্রতিক বাকবিতণ্ডার কয়েকদিন পর তার এই মন্তব্য আসলো। সে সময় ইরান ইস্যুতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক অভিযানের সমালোচনা করে পোপ উদ্বেগ প্রকাশ করেছিলেন।
ক্যামেরুনের উত্তর-পশ্চিমাঞ্চলের বামেন্ডা শহরে এক সমাবেশে পোপ বলেন, যুদ্ধের প্রভুরা জানে না- ধ্বংস করতে এক মুহূর্তই যথেষ্ট, কিন্তু পুনর্গঠনে লেগে যায় একটি পুরো জীবন। তিনি দীর্ঘদিন ধরে চলা সংঘাতকে ‘রক্তাক্ত’ ও ‘অন্তহীন অস্থিতিশীলতার চক্র’ হিসেবে আখ্যা দেন।
পোপ আরও বলেন, যেসব গোষ্ঠী কোনো দেশের সম্পদ লুট করে, তারা সেই অর্থের বড় অংশ অস্ত্র কেনায় ব্যয় করে, যা সহিংসতার চক্রকে আরও দীর্ঘস্থায়ী করে।
পোপ লিওর এই আফ্রিকা সফর চারটি দেশের ১১টি শহর জুড়ে অনুষ্ঠিত হচ্ছে। গত বছর দায়িত্ব গ্রহণের পর এটি তার দ্বিতীয় বড় বিদেশ সফর।
বার্তা বাজার/এমএমএইচ






