পাকিস্তানে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত রেজা আমিরি মোগাদ্দাম বলেছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্ভাব্য যেকোনো আলোচনা কেবল ইসলামাবাদেই অনুষ্ঠিত হবে।
তিনি জানান, পাকিস্তানের প্রতি ইরানের পূর্ণ আস্থা রয়েছে, তবে যুক্তরাষ্ট্রের ওপর কোনো বিশ্বাস নেই—এ অবস্থান আগেই ইসলামাবাদকে জানানো হয়েছে।
পাকিস্তানের প্রধানমন্ত্রী ও ফিল্ড মার্শালের মধ্যস্থতামূলক উদ্যোগকে তিনি প্রশংসনীয় বলে উল্লেখ করেন। ইসলামাবাদের পলিসি রিসার্চ ইনস্টিটিউটে আয়োজিত এক অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে রাষ্ট্রদূত বলেন, ইরানে বহিরাগত সন্ত্রাসবাদের কারণে ১৭ হাজার মানুষের মৃত্যু হয়েছে, যার মধ্যে সর্বোচ্চ নেতৃত্বের ব্যক্তিরাও রয়েছেন, যেমন সর্বোচ্চ নেতা ও প্রধানমন্ত্রী পর্যায়ের ব্যক্তিত্ব।
তিনি বলেন, ব্যাপক মানবিক ও আর্থিক ক্ষয়ক্ষতি সত্ত্বেও ইরান দৃঢ় অবস্থানে রয়েছে।
তিনি আরও বলেন, ইরান অঞ্চলে আধিপত্য বিস্তার করতে চায় না; বরং নিজেদের সার্বভৌমত্ব রক্ষাই তাদের লক্ষ্য। ইরানের পারমাণবিক কর্মসূচি সম্পূর্ণ শান্তিপূর্ণ বলেও তিনি দাবি করেন এবং বলেন, ইরান পারমাণবিক অস্ত্র তৈরি করছে—এমন কোনো প্রমাণ এখনো কেউ দেখাতে পারেনি।
রাষ্ট্রদূত আরও উল্লেখ করেন, ১৯৭৯ সালের বিপ্লবের পর থেকে ইরান যুক্তরাষ্ট্র ও জায়নিস্ট শক্তির ধারাবাহিক চাপের মুখে রয়েছে।
বার্তা বাজার/এস এইচ






