ঢাকা   সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

ইসরায়েলের সঙ্গে ইইউ চুক্তি বাতিলের আহ্বান জানাল স্পেন

Authorরেডিও বার্তা ডেস্ক

প্রকাশ: ২০ এপ্রিল ২০২৬, ০৮:৫২ এএম

ইসরায়েলের সঙ্গে ইইউ চুক্তি বাতিলের আহ্বান জানাল স্পেন

আন্তর্জাতিক আইন লঙ্ঘনের অভিযোগ তুলে ইসরায়েলের সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) অ্যাসোসিয়েশন চুক্তি বাতিলের আহ্বান জানাবে স্পেন।

স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ বলেন, মঙ্গলবার দেশটির সরকার ইউরোপীয় ইউনিয়নের কাছে একটি প্রস্তাব দেবে, যাতে ইসরায়েলের সঙ্গে ইইউর বিদ্যমান চুক্তি বাতিল করা হয়। এক রাজনৈতিক সমাবেশে তিনি বলেন, ইসরায়েল আন্তর্জাতিক আইন লঙ্ঘন করছে এবং এ কারণে তারা ইউরোপীয় ইউনিয়নের অংশীদার হতে পারে না।

তিনি আরও বলেন, বিষয়টি খুবই সরল—যে দেশ আন্তর্জাতিক আইন মানে না, তার সঙ্গে এ ধরনের অংশীদারত্ব বজায় রাখা যায় না।

এর আগে শুক্রবার স্পেন ও আয়ারল্যান্ডসহ কয়েকটি দেশ ইউরোপীয় কমিশনের কাছে একটি চিঠি পাঠায়। সেখানে ইসরায়েলের সঙ্গে চুক্তির বিষয়টি পরবর্তী ইইউ পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে আলোচনার আহ্বান জানানো হয়।

২০০০ সালের জুনে স্বাক্ষরিত এই চুক্তিতে মানবাধিকার সম্মান করার শর্ত অন্তর্ভুক্ত রয়েছে। ২০২৪ সালে গাজায় ইসরায়েলি হামলার প্রেক্ষাপটে স্পেন ও আয়ারল্যান্ড প্রথমবারের মতো এই চুক্তি পুনর্মূল্যায়নের দাবি তোলে। একই সঙ্গে স্পেনের প্রধানমন্ত্রী লেবাননে ইসরায়েলি হামলারও সমালোচনা করেন।

২০২৪ সালে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার পর থেকে ইসরায়েলের সঙ্গে স্পেনের কূটনৈতিক উত্তেজনা আরও বেড়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

সূত্র: আল জাজিরা

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!