ফরাসি জাহাজে হামলা, ইরানি পতাকাবাহী জাহাজ আটক
আন্তর্জাতিক ডেস্ক : হরমুজ প্রণালিতে ফ্রান্সের শিপিং কোম্পানি সিএমএ সিজিএমের একটি জাহাজে হামলার ঘটনা ঘটেছে। গত শনিবার প্রণালিটি অতিক্রমের সময় জাহাজটিকে লক্ষ্য করে গুলি ছোড়া হয় বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি। তবে এ ঘটনায় কোনো নাবিক আহত হননি।
সোমবার (২০এপ্রিল) আন্তর্জাতিক সংবাদসংস্থা আলজাজিরা এক প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করেছে।
বার্তা সংস্থা এএফপি আন্তর্জাতিক সামুদ্রিক সংস্থার (আইএমও) বরাতে জানায়, হামলার সম্মুখীন হওয়া জাহাজটির নাম এভারগ্লেডস। হামলার সময় এটি কিছুটা ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গেছে, যদিও ক্ষয়ক্ষতির সুনির্দিষ্ট পরিমাণ সম্পর্কে বিস্তারিত জানা যায়নি।
এদিকে আরব সাগরে একটি ইরানি পতাকাবাহী কার্গো জাহাজ আটক করেছে মার্কিন বাহিনী। রোববার রাতে মার্কিন সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) এক বিবৃতিতে এ তথ্য জানায়।
সেন্টকম জানায়, তাদের বাহিনী নৌ অবরোধ কার্যকর করার অংশ হিসেবে ওই জাহাজটিকে থামতে একাধিকবার সতর্ক করে। ছয় ঘণ্টা ধরে বারবার সতর্কবার্তা দেওয়ার পরও জাহাজটি নির্দেশনা না মানায় মার্কিন বাহিনী গুলি চালায়।
বিবৃতিতে বলা হয়, মার্কিন নৌবাহিনীর ডেস্ট্রয়ার জাহাজটির ইঞ্জিন রুম খালি করতে নির্দেশ দেয়। এরপর জাহাজটির চলাচল অক্ষম করতে ৫ ইঞ্চি এমকে ৪৫ গান থেকে গুলি ছোড়া হয়, যা জাহাজের ইঞ্জিন রুমে আঘাত করে।
পরে মেরিন সেনারা জাহাজটিতে উঠে সেটির নিয়ন্ত্রণ নেয়। বর্তমানে জাহাজটি মার্কিন হেফাজতে রয়েছে বলে জানানো হয়েছে।






