লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ জানিয়েছে, মঙ্গলবার (২১ এপ্রিল) তারা ইসরায়েলের উত্তরাঞ্চলে রকেট ও ড্রোন হামলা চালিয়েছে। সংগঠনটির দাবি, ইসরায়েলি সেনাবাহিনী যুদ্ধবিরতি লঙ্ঘন করায় এই হামলা চালানো হয়েছে।
অন্যদিকে ইসরায়েলি সেনাবাহিনী আগে জানায়, লেবাননের দক্ষিণাঞ্চলে তাদের বাহিনীর অবস্থান লক্ষ্য করে হিজবুল্লাহ কয়েকটি রকেট ছুড়েছে, যা তাদের ভাষায় যুদ্ধবিরতির ‘স্পষ্ট লঙ্ঘন’। তবে উভয় পক্ষের বর্ণনা একই ঘটনার কিনা তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত করা যায়নি।
মার্কিন মধ্যস্থতায় গত বৃহস্পতিবার ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যে ১০ দিনের যুদ্ধবিরতি কার্যকর হয়। তবে যুদ্ধবিরতি থাকা সত্ত্বেও ইসরায়েলি সেনারা এখনো লেবানন সীমান্ত বরাবর ৫ থেকে ১০ কিলোমিটার গভীর একটি এলাকায় অবস্থান করছে। ইসরায়েলের দাবি, উত্তরাঞ্চলকে হিজবুল্লাহর হামলা থেকে রক্ষার জন্য তারা একটি ‘বাফার জোন’ তৈরি করেছে।
হিজবুল্লাহ তাদের বিবৃতিতে অভিযোগ করেছে, ইসরায়েল বেসামরিক মানুষদের ওপর হামলা চালাচ্ছে এবং ঘরবাড়ি ধ্বংস করছে, যা যুদ্ধবিরতির পরিপন্থী। সংগঠনটি দাবি করে, তারা উত্তর ইসরায়েলের একটি সামরিক অবস্থান লক্ষ্য করে হামলা চালিয়েছে, যেখান থেকে দক্ষিণ লেবাননে আক্রমণ চালানো হচ্ছিল।
ইসরায়েলি সেনাবাহিনী জানায়, তারা সেই রকেট নিক্ষেপস্থল লক্ষ্য করে পাল্টা হামলা চালিয়েছে এবং লেবানন থেকে ছোড়া একটি ড্রোন প্রতিহত করার পর উত্তর ইসরায়েলে সতর্কতা সাইরেন বেজে ওঠে। তবে হিজবুল্লাহর ঘোষিত হামলা এবং ইসরায়েলি সেনাবাহিনীর আগের ঘোষিত ঘটনার মধ্যে মিল আছে কি না, সে বিষয়ে ইসরায়েলি সেনাবাহিনী কোনো স্পষ্ট মন্তব্য করেনি।
বার্তা বাজার/এস এইচ






