জার্মানির রাজধানী বার্লিনে অপ্রীতিকর ঘটনার মুখে পড়েছেন ইরানের নির্বাসিত যুবরাজ রেজা পাহলভি। তার ওপর লাল রঙের মতো কিছু একটা নিক্ষেপের অভিযোগে একজনকে আটক করেছে জার্মান পুলিশ।
বৃহস্পতিবার (২৩ এপ্রিল) বার্লিনে একটি ফেডারেল প্রেস কনফারেন্স শেষে নিরাপত্তারক্ষীদের সঙ্গে গাড়ির দিকে যাওয়ার সময় একজন কর্মী তার কাছে এগিয়ে আসেন এবং তরলটি নিক্ষেপ করেন। তরলটি তার ঘাড় ও কাঁধের পেছনে লাগে। ঘটনাস্থলেই পুলিশ অভিযুক্তকে আটক করে। ঘটনার পর পাহলভি দ্রুত গাড়িতে উঠে স্থান ত্যাগ করেন।
এর আগে সংবাদ সম্মেলনে ইরানে মার্কিন ও ইসরাইলি হামলার প্রতি সমর্থন পুনব্যক্ত করেন। একইসঙ্গে সামরিক অভিযানকে বর্তমান শাসনব্যবস্থাকে উৎখাত করার জন্য প্রয়োজনীয় ‘মানবিক হস্তক্ষেপ’ বলে অভিহিত করেন।
বার্লিন সফরে কোনো সরকারি প্রতিনিধির সঙ্গে সাক্ষাতের আমন্ত্রণ না পেয়ে পাহলভি বলেন, এই যুদ্ধবিরতি চুক্তি ধরে নিচ্ছে যে ইরান সরকারের আচরণ পরিবর্তিত হবে এবং ‘আপনাদের এমন লোকদের সঙ্গে কাজ করতে হবে যারা হঠাৎ করেই বাস্তববাদী হয়ে উঠেছে।’
তিনি বলেন, ‘আমি তা ঘটতে দেখছি না। আমি বলছি না যে কূটনীতিকে সুযোগ দেয়া উচিত নয়। তবে আমার মনে হয় কূটনীতিকে যথেষ্ট সুযোগ দেয়া হয়েছে।’
৬৫ বছর বয়সি পাহলভি ইরানের সাবেক শাহের ছেলে। ১৯৭৯ সালে লাখো মানুষ রাস্তায় নেমে তার বাবাকে ক্ষমতা থেকে সরিয়ে দেয়। তবু প্রায় ৫০ বছর নির্বাসনে থাকার পরও তিনি নিজেকে দেশের ভবিষ্যতের একজন গুরুত্বপূর্ণ অংশীদার হিসেবে প্রতিষ্ঠা করার চেষ্টা করছেন।
সূত্র: আনাদোলু এজেন্সি
বার্তা বাজার/এমএমএইচ






