ঢাকা   রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ১৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

নৈশভোজে গুলি চালানো হামলাকারীকে আটকের দাবি ট্রাম্পের

Authorরেডিও বার্তা ডেস্ক

প্রকাশ: ২৬ এপ্রিল ২০২৬, ০৯:১০ এএম

নৈশভোজে গুলি চালানো হামলাকারীকে আটকের দাবি ট্রাম্পের

ওয়াশিংটন ডিসিতে হোয়াইট হাউস সংবাদদাতাদের নৈশভোজে নিরাপত্তা আতঙ্কের ঘটনার পর প্রথমবারের মতো মুখ খুলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি জানিয়েছেন, সন্দেহভাজন হামলাকারীকে আটক করা হয়েছে। একই সঙ্গে শঙ্কার পরিস্থিতি সত্ত্বেও অনুষ্ঠান চালিয়ে নেয়ার আহ্বানও জানিয়েছেন তিনি, যদিও আইনশৃঙ্খলা বাহিনীর নির্দেশনাকেই চূড়ান্ত বলে উল্লেখ করেছেন মার্কিন রিপাবলিকান এই প্রেসিডেন্ট।

সংবাদমাধ্যম বিবিসি বলছে, রাজধানী ওয়াশিংটন ডিসিতে হোয়াইট হাউস সংবাদদাতাদের বার্ষিক নৈশভোজ অনুষ্ঠান চলাকালে গুলির শব্দ শোনা গেছে। এতে করে হঠাৎ নিরাপত্তা আতঙ্ক তৈরি হলে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে দ্রুত সরিয়ে নেয়া হয়। ভেন্যুর ভেতরে হঠাৎ বিকট শব্দ শোনার পর অতিথিদের টেবিলের নিচে আশ্রয় নিতেও দেখা যায়।

এদিকে নিরাপত্তা সদস্যদের দ্বারা দ্রুত সরিয়ে নেয়ার পর প্রথমবারের মতো প্রতিক্রিয়া জানিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি তার সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে লিখেছেন, সন্দেহভাজন হামলাকারীকে ‘আটক’ করা হয়েছে।

ট্রাম্প বলেন, ‘আমি ‘অনুষ্ঠান চালিয়ে যাওয়ার’ পরামর্শ দিয়েছি, তবে এ বিষয়ে সম্পূর্ণভাবে আইনশৃঙ্খলা বাহিনীর নির্দেশনা মেনে চলা হবে’। তিনি আরও বলেন, ‘যে সিদ্ধান্তই নেয়া হোক না কেন, আজকের সন্ধ্যা পরিকল্পনা অনুযায়ী আর হবে না। আমাদের আবার নতুন করে এটি আয়োজন করতে হবে।’

অনুষ্ঠানস্থলে দায়িত্বে থাকা এক নিরাপত্তাকর্মী জানান, সেখানে সাত থেকে আটটি গুলির শব্দ শোনা গেছে। তবে সন্দেহভাজন হামলাকারী নিহত হয়েছে নাকি আটক— এ নিয়ে শুরুতে ভিন্ন ভিন্ন তথ্য পাওয়া যাচ্ছিল।

এরই মধ্যে ট্রাম্প আবারও সামাজিক মাধ্যমে নিশ্চিত করেন, হামলাকারীকে আটক করা হয়েছে।

স্থানীয় সময় শনিবার (২৫ এপ্রিল) সন্ধ্যায় ওয়াশিংটন হিলটন হোটেলের ভোজকক্ষে এই ঘটনা ঘটে। মূলত সেখানেই হোয়াইট হাউস সংবাদদাতাদের বার্ষিক নৈশভোজ অনুষ্ঠানটি চলছিল। একপর্যায়ে ভেতরে হঠাৎ জোরে শব্দ শোনা গেলে উপস্থিতদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। বিবিসি বলছে, ঘটনার পর ট্রাম্প ওয়াশিংটন হিলটন হোটেল ত্যাগ করেন। তিনি জানান, ‘ফার্স্ট লেডি, ভাইস প্রেসিডেন্ট এবং মন্ত্রিসভার সব সদস্যই সম্পূর্ণ নিরাপদে আছেন।’

তিনি আরও বলেন, অনুষ্ঠানটি স্থগিত করে আগামী ৩০ দিনের মধ্যে নতুন করে আয়োজন করা হবে। হোয়াইট হাউসের বাইরে তিনি ৩০ মিনিটের মধ্যে গণমাধ্যমের সঙ্গে কথা বলবেন বলেও জানান।

এদিকে গুলির এই ঘটনার পর হিলটন হোটেল এখনও নিরাপত্তা বেষ্টনীর মধ্যে রয়েছে। ভেতরে থাকা অতিথিদের বাইরে যেতে দেয়া হয়নি এবং যে দিক থেকে শব্দ শোনা গিয়েছিল বলে ধারণা করা হচ্ছে, সেই দরজাটিও বন্ধ রাখা হয়েছে।

উপস্থিত সাংবাদিকদের সঙ্গে অনেক গুরুত্বপূর্ণ ব্যক্তিও এখনও ভেতরে অবস্থান করছেন। তবে ট্রাম্প প্রশাসনের কিছু সদস্য, যেমন রবার্ট এফ কেনেডি জুনিয়রকে সেখান থেকে সরিয়ে নেয়া হয়েছে। ট্রাম্প সামাজিক মাধ্যমে অনুষ্ঠান চালিয়ে যাওয়ার কথা বলায় তিনি আবার ফিরে আসতে পারেন— এমন ইঙ্গিত মিললেও, অনুষ্ঠান কখন পুনরায় শুরু হবে তা এখনও নিশ্চিত নয়।

এদিকে, সিক্রেট সার্ভিসের মুখপাত্র অ্যান্থনি গুগলিয়েলমি জানিয়েছেন, প্রেসিডেন্ট, ফার্স্ট লেডি এবং তাদের সুরক্ষায় থাকা সবাই নিরাপদে আছেন। তিনি বলেন, একজন ব্যক্তিকে আটক করা হয়েছে, তবে তার শারীরিক অবস্থার বিষয়ে কিছু জানানো হয়নি।

পরে ঘোষণা দেয়া হয়, ওয়াশিংটন হিলটনের ভোজকক্ষে অনুষ্ঠান পুনরায় শুরু করা হবে। ঘোষণার পর অতিথিদের আবার নিজ নিজ আসনে ফিরতে দেখা যায়। তবে প্রেসিডেন্ট, ফার্স্ট লেডি বা ভাইস প্রেসিডেন্ট অনুষ্ঠানের প্রধান টেবিলে ফিরবেন কি না, তা এখনও স্পষ্ট নয়।

ঘটনাস্থলের ভিডিওতে দেখা যায়, শব্দ শোনার পর ট্রাম্পসহ অনেকেই আতঙ্কে টেবিলের আড়ালে আশ্রয় নিচ্ছেন। এ সময় উপস্থিতদের কেউ কেউ ‘নিচে থাকুন’ বলে চিৎকার করছিলেন। এরপর যুক্তরাষ্ট্রের সিক্রেট সার্ভিস ট্রাম্পকে দ্রুত সেখান থেকে সরিয়ে নেয়। কিছুক্ষণের মধ্যেই ভারী অস্ত্রে সজ্জিত নিরাপত্তা সদস্যরা ভোজকক্ষের চারপাশ ঘিরে ফেলে।

পরে কাউন্টার অ্যাসল্ট টিম (সিএটি)-এর সশস্ত্র সদস্যদের মঞ্চে অবস্থান নিতে দেখা যায়। তারা লম্বা অস্ত্র তাক করে কক্ষের পেছনের দিকে নজর রাখছিলেন।

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!