মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অত্যন্ত আত্মবিশ্বাসের সঙ্গে ঘোষণা করেছেন যে যুক্তরাষ্ট্র ইরানের সমস্ত সমৃদ্ধ ইউরেনিয়াম নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে নেবে। হোয়াইট হাউসের ইস্ট রুমে একটি অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এই মন্তব্য করেন।
তাকে সুনির্দিষ্টভাবে জিজ্ঞাসা করা হয়, কীভাবে এই ইউরেনিয়াম সংগ্রহ করা হবে, তখন ট্রাম্প বিস্তারিত কোনো ব্যাখ্যা না দিয়ে কেবল দুবার পুনরাবৃত্তি করেন, আমরা এটি পাবই।
এর আগে ওভাল অফিসে সাংবাদিকদের মুখোমুখি হয়ে ট্রাম্প জানিয়েছিলেন, গত ২৪ ঘণ্টায় তেহরানের সঙ্গে খুবই ভালো আলোচনা হয়েছে এবং এর ফলে যুদ্ধ বন্ধে একটি বড় সমঝোতা হওয়া এখন খুবই সম্ভব। বরাবরের মতো ইরান কতটা মরিয়া হয়ে চুক্তি করতে চাইছে এবং মার্কিন হামলায় তেহরানের সামরিক সক্ষমতা কতটা ধ্বংস হয়েছে, সেই বিষয়টিও তিনি পুনরায় উল্লেখ করেন।
ট্রাম্পের মতে, ইরান এই মুহূর্তে মার্কিন প্রস্তাবগুলো গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে। তিনি সতর্কবার্তার সুরে বলেন, আমরা দেখব তারা চুক্তিতে সম্মত হয় কি না। যদি তারা এখন রাজি না হয়, তবে খুব শীঘ্রই তারা রাজি হতে বাধ্য হবে। এটাই বাস্তবতা।
ইরানের পরমাণু কর্মসূচি পুরোপুরি বন্ধ করা এবং তাদের মজুদকৃত পরমাণু জ্বালানি সরিয়ে নেওয়ার বিষয়টিই এখন ট্রাম্প প্রশাসনের প্রধান লক্ষ্য হয়ে দাঁড়িয়েছে। তেহরানের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া না পাওয়া গেলেও, ট্রাম্পের এই অনড় অবস্থান মধ্যপ্রাচ্যের ভূ-রাজনীতিতে নতুন উত্তেজনার সৃষ্টি করেছে।
সূত্র: দ্য গার্ডিয়ান।
বার্তা বাজার/এস এইচ






