ঢাকা   রবিবার, ১০ মে ২০২৬, ২৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

আমাকে ছাড়া আর কোনো ক্ষমতার কেন্দ্র থাকবে না: মুখ্যমন্ত্রী বিজয়

Authorরেডিও বার্তা ডেস্ক

প্রকাশ: ১০ মে ২০২৬, ০৩:১২ পিএম

আমাকে ছাড়া আর কোনো ক্ষমতার কেন্দ্র থাকবে না: মুখ্যমন্ত্রী বিজয়

তামিলনাড়ুর নতুন মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর প্রথম ভাষণে নিজেকে সাধারণ মানুষ হিসেবে পরিচয় করিয়ে দিয়েছেন অভিনেতা থেকে রাজনীতিক হওয়া সি জোসেফ বিজয়। শনিবার চেন্নাইয়ে শপথ নেওয়ার পর দেওয়া বক্তব্যে তিনি বলেন, কোনো রাজকীয় পরিবার বা রাজনৈতিক বংশ থেকে না আসলেও জনগণ আমাকে গ্রহণ করেছে।

৫১ বছর বয়সী বিজয় জানান, তিনি মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে মানুষকে বিভ্রান্ত করবেন না। তার নেতৃত্বে সত্যিকারের, ধর্মনিরপেক্ষ ও সামাজিক ন্যায়ের নতুন যুগ শুরু হবে বলেও দাবি করেন তিনি। একইসঙ্গে সরকারকে মূল্যায়নের জন্য জনগণের কাছে কিছুটা সময় চেয়েছেন নতুন মুখ্যমন্ত্রী।

ভাষণে বিজয় বলেন, আমাকে ছাড়া আর কোনো ক্ষমতার কেন্দ্র থাকবে না। আমিই একমাত্র ক্ষমতার কেন্দ্র। ‘মামা’ ও ‘থাম্বি’ নামে পরিচিত এই নেতা ইঙ্গিত দেন, তার সরকারের সব নীতির দায়ভার তিনিই নেবেন। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, জোটসঙ্গীদের চাপের কাছে সরকার নতি স্বীকার করবে না— এমন বার্তাই দিতে চেয়েছেন বিজয়।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তাকে অভিনন্দন জানিয়ে বলেন, কেন্দ্র ও রাজ্য সরকার একসঙ্গে কাজ করে মানুষের জীবনমান উন্নয়নে কাজ করবে।

নির্বাচনী হলফনামা অনুযায়ী, বিজয়ের মোট সম্পদের পরিমাণ ৬২৪ কোটি রুপি। এর মধ্যে ২১৩ কোটি রুপি সঞ্চয়ী হিসাবে এবং প্রায় ১০০ কোটি রুপি বিভিন্ন ব্যাংকের স্থায়ী আমানতে রয়েছে।

স্বচ্ছতার স্বার্থে রাজ্যের আর্থিক পরিস্থিতি নিয়ে একটি শ্বেতপত্র প্রকাশের কথাও বিবেচনা করছেন বলে জানিয়েছেন বিজয়।

নতুন মন্ত্রিসভায় তরুণ ও অভিজ্ঞ নেতৃত্বের সমন্বয় রাখা হয়েছে। বিজয়ের ঘনিষ্ঠ কয়েকজনও মন্ত্রিসভায় জায়গা পেয়েছেন। শপথের পর সরকারি নথিতে তার প্রথম স্বাক্ষর ছিল গৃহস্থালি গ্রাহকদের জন্য ২০০ ইউনিট বিনা মূল্যে বিদ্যুৎ দেওয়ার সিদ্ধান্ত এবং নারীদের নিরাপত্তায় বিশেষ বাহিনী গঠনের প্রস্তাবে।

মন্ত্রিসভায় জায়গা পেয়েছেন অভিজ্ঞ নেতা কে এ সেঙ্গোট্টাইয়ান এবং তরুণ মুখ ডা. টি কে প্রভু ও এস কীর্তনা। এছাড়া আধব অর্জুনা, এন আনন্দ, আর নির্মল কুমার ও কে জি অরুণরাজও শপথ নিয়েছেন।

তবে সংখ্যাগরিষ্ঠতা অর্জনে শুরুতে সমর্থন দেওয়া রাহুল গান্ধীর কংগ্রেস থেকে কাউকে মন্ত্রিসভায় রাখা হয়নি। সূত্র : এনডিটিভি

 

বার্তা বাজার/এমএমএইচ

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!