মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরো বাড়িয়ে ইরানের সামরিক বাহিনী জানিয়েছে, যুক্তরাষ্ট্রকে সমর্থনকারী দেশগুলোর জাহাজগুলোকে কৌশলগত হরমুজ দিয়ে চলাচলে বাধা দেয়া হবে। এ বিষয়ে ইরানের সামরিক কর্তৃপক্ষ সতর্ক করে বলেছে, যদি কোনো দেশ যুক্তরাষ্ট্রের সামরিক অবস্থান বা নীতিকে সমর্থন করে, তবে তাদের বাণিজ্যিক জাহাজগুলোকে এ গুরুত্বপূর্ণ নৌপথে প্রবেশের অনুমতি দেয়া নাও হতে পারে।
এ হুমকি এমন এক সময়ে এসেছে যখন হরমুজ প্রণালী নিয়ে বৈশ্বিক উদ্বেগ বাড়ছে। বিশ্বের তেল ও জ্বালানি পরিবহনের বড় একটি অংশ এই জলপথ দিয়ে যায়। ফলে এখানে যেকোনো উত্তেজনা আন্তর্জাতিক জ্বালানি বাজারে সরাসরি প্রভাব ফেলে।
সাম্প্রতিক মাসগুলোতে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সামরিক উত্তেজনা বাড়ার পাশাপাশি বিভিন্ন দেশের জাহাজ চলাচল নিয়েও জটিলতা তৈরি হয়েছে। এর আগে বিভিন্ন রিপোর্টে দেখা গেছে, কিছু সময়ের জন্য এই প্রণালীতে জাহাজ চলাচল সীমিত বা বাধাগ্রস্ত হয়েছে, যা বিশ্ববাজারে তেলের দামেও ওঠানামা সৃষ্টি করেছে।
বিশ্লেষকদের মতে, ইরানের এই ধরনের হুঁশিয়ারি বৈশ্বিক শক্তিগুলোর মধ্যে নতুন করে কূটনৈতিক ও সামরিক উত্তেজনা বাড়াতে পারে, বিশেষ করে যখন পশ্চিমা দেশগুলো এই গুরুত্বপূর্ণ নৌপথে নিরাপদ চলাচল নিশ্চিত করার দাবি জানিয়ে আসছে।
এখন পর্যন্ত যুক্তরাষ্ট্র বা সংশ্লিষ্ট দেশগুলো এ ঘোষণার বিষয়ে আনুষ্ঠানিকভাবে বিস্তারিত প্রতিক্রিয়া জানায়নি।
সূত্র : তাস।





