হজ মৌসুম শুরুর আগমুহূর্তে পবিত্র স্থানগুলোতে নিরাপত্তা জোরদারে নতুন নিষেধাজ্ঞা জারি করেছে সৌদি আরব। অগ্নিকাণ্ডের ঝুঁকি কমাতে মিনা, মুজদালিফা ও আরাফাসহ হজস্থানে গ্যাস সিলিন্ডার ও রান্নার চুলা পুরোপুরি নিষিদ্ধ করা হয়েছে। কর্তৃপক্ষ জানিয়েছে, নিয়ম ভাঙলে সরঞ্জাম জব্দের পাশাপাশি নেয়া হবে আইনগত ব্যবস্থাও।
সংবাদমাধ্যম গালফ নিউজ বলছে, হজ মৌসুমে পবিত্র স্থানগুলোতে সব ধরনের গ্যাস সিলিন্ডার ও চুলা আনা এবং ব্যবহার নিষিদ্ধ করেছে সৌদি আরব। সৌদি কর্তৃপক্ষ জানিয়েছে, মিনায় হাজিদের আতিথ্যকেন্দ্র এবং সরকারি স্থাপনাসহ পবিত্র হজস্থানগুলোতে তরলীকৃত গ্যাস (এলপিজি) সিলিন্ডার কোনোভাবেই ব্যবহার করা যাবে না।
মূলত চলতি বছরের হজ উপলক্ষে অগ্নিকাণ্ডের ঝুঁকি কমাতে নেয়া বিস্তৃত নিরাপত্তামূলক ব্যবস্থার অংশ হিসেবে এই নিষেধাজ্ঞা কার্যকর করা হয়েছে। গতকাল সোমবার (১৮ মে) ১ জিলহজ থেকে এই সিদ্ধান্ত কার্যকর হয়েছে।
সিভিল ডিফেন্স কর্তৃপক্ষ জানিয়েছে, পবিত্র স্থানগুলোতে কোনও গ্যাস সিলিন্ডার বা রান্নার চুলা ব্যবহার করতে দেখা গেলে তা জব্দ করা হবে। এছাড়া সংশ্লিষ্ট নিরাপত্তা সংস্থার সমন্বয়ে নিয়ম ভঙ্গকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থাও নেয়া হবে।
সিভিল ডিফেন্স আরও জানিয়েছে, মিনা, মুজদালিফা ও আরাফার পবিত্র স্থানগুলোতে তদারকি ও পরিদর্শন কার্যক্রম আরও জোরদার করা হবে। নিষেধাজ্ঞা বাস্তবায়ন নিশ্চিত করতে সংশ্লিষ্ট সব স্থাপনা ও এলাকার ওপর নজরদারি চালানো হবে।
বার্ষিক হজ পালনকালে হাজিদের নিরাপত্তা ও সুরক্ষা নিশ্চিত করতেই এই ব্যবস্থা নেয়া হয়েছে বলেও জানিয়েছে সৌদি কর্তৃপক্ষ।






