যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় লেবানন ও ইসরায়েল সরকারের মধ্যে হওয়া যুদ্ধবিরতি প্রস্তাব প্রত্যাখ্যান করেছে ইরান-সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। এর মধ্যেই দক্ষিণ লেবাননে হিজবুল্লাহর অ্যান্টি-ট্যাংক ক্ষেপণাস্ত্র হামলায় এক ইসরায়েলি সেনা কর্মকর্তা নিহত হয়েছেন। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) জানিয়েছে, নিহত কর্মকর্তা হলেন ক্যাপ্টেন ইতান শমুয়েল লেমবার্গ (২১)। তিনি আইডিএফের সপ্তম সাঁজোয়া ব্রিগেডের ৭৫তম ব্যাটালিয়নের সদস্য ছিলেন।
সামরিক সূত্রের বরাতে টাইমস অব ইসরায়েল জানায়, বৃহস্পতিবার (৪ জুন) বিকেল প্রায় ৪টার দিকে লিতানি নদীর উত্তরে পরিচালিত একটি অভিযানের সময় ইসরায়েলি ট্যাংককে লক্ষ্য করে হিজবুল্লাহর এক সদস্য অ্যান্টি-ট্যাংক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে। এতে ক্যাপ্টেন লেমবার্গ নিহত হন।
হামলার পরপরই আইডিএফ জানায়, তারা বিমান ও কামান হামলার মাধ্যমে ওই এলাকার হিজবুল্লাহর অবকাঠামো লক্ষ্য করে পাল্টা আঘাত করেছে। জেরুজালেম ও বৈরুত একটি যুদ্ধবিরতি পরিকল্পনায় সম্মত হওয়ার একদিন পর এই ঘটনা ঘটল। যুদ্ধবিরতির পরিকল্পনা অনুযায়ী, হিজবুল্লাহ হামলা বন্ধ করবে এবং দক্ষিণ লেবাননের কয়েকটি পরীক্ষামূলক এলাকায় লেবাননের সেনাবাহিনী মোতায়েন হবে, যেখানে হিজবুল্লাহ যোদ্ধা ও আইডিএফ সদস্য—উভয় পক্ষের উপস্থিতি থাকবে না।
তবে হিজবুল্লাহ প্রধান নাঈম কাসেম এই চুক্তিকে ‘আত্মসমর্পণ’ বলে আখ্যা দিয়েছেন। তিনি বলেন, লেবাননে হামলা অব্যাহত থাকলে উত্তর ইসরায়েলে রকেট ও ড্রোন হামলাও চলবে। একই সঙ্গে তিনি লেবানন সরকারকে ইসরায়েলের সঙ্গে সরাসরি আলোচনার ‘প্রহসন’ বন্ধ করার আহ্বান জানান। হিজবুল্লাহ-সংশ্লিষ্ট টেলিভিশন চ্যানেল আল-মানারে প্রচারিত এক লিখিত বিবৃতিতে কাসেম বলেন, দক্ষিণ লেবানন থেকে হিজবুল্লাহ যোদ্ধাদের সরে যাওয়ার শর্ত মানে হবে ‘আত্মসমর্পণ, পরাজয় এবং শত্রুর লক্ষ্য পূরণ করা’।
তিনি আরও বলেন, লেবাননের গ্রামগুলোতে বোমা হামলা এবং বেসামরিক লোকজন নিহত হওয়া বন্ধ না হওয়া পর্যন্ত উত্তর ইসরায়েল নিরাপদ থাকবে না। অন্যদিকে আইডিএফের মুখপাত্র কর্নেল আভিখাই আদরায় জানিয়েছেন, দক্ষিণ লেবাননে সামরিক অভিযান অব্যাহত রয়েছে। তিনি স্থানীয় বাসিন্দাদের জাহরানি নদীর দক্ষিণে যাতায়াত না করার সতর্কবার্তাও দিয়েছেন।
লেবাননের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ন্যাশনাল নিউজ এজেন্সি (এনএনএ) জানিয়েছে, বৃহস্পতিবার দেশটির দক্ষিণ ও পূর্বাঞ্চলে প্রায় ২০টি হামলার ঘটনা ঘটেছে। এসব হামলায় হতাহতের খবর পাওয়া গেছে। সংস্থাটি আরও জানায়, পূর্ব লেবাননের সোহমোর শহরে আইডিএফের এক হামলায় অন্তত পাঁচজন নিহত এবং আরও কয়েকজন আহত হয়েছেন।
এদিকে আইডিএফ দাবি করেছে, বুধবার দক্ষিণ লেবাননে লিতানি নদীর উত্তরে স্থল অভিযানের সময় গোলাগুলির এক ঘটনায় হিজবুল্লাহর এক সদস্য নিহত হয়েছে। সেনাবাহিনীর ভাষ্য অনুযায়ী, ওই ব্যক্তি একটি একে-৪৭ রাইফেল বহন করছিলেন এবং তীব্র সংঘর্ষের পর তাকে হত্যা করা হয়।
পৃথক এক ঘোষণায় আইডিএফ জানিয়েছে, কয়েক সপ্তাহ আগে দক্ষিণ লেবানন সফরের সময় উত্তরাঞ্চলীয় কমান্ডের প্রধান মেজর জেনারেল রাফি মিলোর কাছাকাছি হিজবুল্লাহর একটি বিস্ফোরকবাহী ড্রোন আঘাত হানে। এতে কোনো হতাহত বা ক্ষয়ক্ষতি না হলেও ঘটনার পর জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তাদের সফর সংক্রান্ত নিরাপত্তা প্রটোকল পরিবর্তন করা হয়েছে।






