ঢাকা   বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

মার্কিন হামলার জবাবে ইরানের পাল্টা আঘাত, নতুন সংঘাতের শঙ্কা

Authorরেডিও বার্তা ডেস্ক

প্রকাশ: ১১ জুন ২০২৬, ০৩:৩০ এএম

মার্কিন হামলার জবাবে ইরানের পাল্টা আঘাত, নতুন সংঘাতের শঙ্কা

হরমুজ প্রণালিতে একটি মার্কিন অ্যাপাচি হেলিকপ্টার ভূপাতিত হওয়ার ঘটনাকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নতুন করে সরাসরি সামরিক সংঘাত শুরু হয়েছে। বুধবার যুক্তরাষ্ট্র ‘আত্মরক্ষামূলক ব্যবস্থা’ হিসেবে ইরানের কেশম দ্বীপ, সিরিক বন্দর, বন্দর আব্বাস ও জাস্কের কয়েকটি সামরিক স্থাপনায় হামলা চালায়। এর পরপরই বাহরাইন, কুয়েত ও জর্ডানে মার্কিন-সংশ্লিষ্ট সামরিক স্থাপনায় ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালানোর দাবি করেছে ইরান। কয়েক ঘণ্টার ব্যবধানে দুই দেশের পাল্টাপাল্টি আক্রমণে মধ্যপ্রাচ্যে নতুন করে বৃহত্তর যুদ্ধের আশঙ্কা দেখা দিয়েছে।

মার্কিন বাহিনী জানিয়েছে, হরমুজ প্রণালির কাছে একটি অ্যাপাচি হেলিকপ্টার ভূপাতিত হওয়ার পর তারা ইরানের রাডার, নজরদারি ও প্রতিরক্ষা-সংশ্লিষ্ট অবকাঠামো লক্ষ্য করে হামলা চালায়। তবে ইরানি গণমাধ্যম জানিয়েছে, বন্দর আব্বাস, কেশম, সিরিকসহ পারস্য উপসাগরের উপকূলজুড়ে বিস্ফোরণের শব্দ শোনা গেছে।

এই হামলার জবাবে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) বাহরাইনে মার্কিন পঞ্চম নৌবহরের ঘাঁটি, কুয়েতে আকাশ প্রতিরক্ষাসংশ্লিষ্ট স্থাপনা এবং জর্ডানে মার্কিন সেনাদের একটি বিমানঘাঁটিতে হামলার দাবি করেছে। কুয়েত জানায়, তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা একাধিক ইরানি ড্রোন ও ক্ষেপণাস্ত্র প্রতিহত করেছে। বাহরাইনেও সতর্কতামূলক ব্যবস্থা জোরদার করা হয়।

আইআরজিসির দাবি, জর্ডানে চালানো হামলায় কয়েকটি গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে। যদিও এসব দাবি স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি। তবে ইরানের সামরিক ও রাজনৈতিক নেতৃত্ব স্পষ্ট জানিয়েছে, দেশটির ভূখণ্ডে যে কোনো হামলার জবাব দেবে তারা।

ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, তেহরান ‘যুদ্ধও নয়, শান্তিও নয়’ এমন অনিশ্চিত অবস্থা থেকে বেরিয়ে আসতে চায়। তবে দেশের মর্যাদা, স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রশ্নে কোনো আপস করা হবে না।

অন্যদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান আলোচনায় সময়ক্ষেপণ করেছে এবং এখন এর মূল্য দিতে হবে। তিনি আরও ইঙ্গিত দিয়েছেন, প্রয়োজন হলে ইরানের বিদ্যুৎকেন্দ্র ও সেতুর মতো গুরুত্বপূর্ণ অবকাঠামো লক্ষ্য করে নতুন হামলা চালানো হতে পারে।

এদিকে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (আইএইএ) গভর্নর বোর্ডের বৈঠককে ঘিরেও কূটনৈতিক তৎপরতা বেড়েছে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি সংস্থাটিকে যুক্তরাষ্ট্রের ‘রাজনৈতিক হাতিয়ার’ না হওয়ার আহ্বান জানিয়েছেন। তিনি বলেছেন, ইরানের বিরুদ্ধে যে কোনো হামলা বা হুমকির জবাব দেওয়া হবে।

পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে চীন, রাশিয়া, তুরস্ক, কাতারসহ বিভিন্ন দেশ। চীন-রাশিয়া উভয় পক্ষকে সংযম প্রদর্শনের আহ্বান জানিয়েছে। তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তায়েপ এরদোয়ান বলেছেন, মধ্যপ্রাচ্যে চলমান সামরিক আগ্রাসন পুরো অঞ্চলকে অস্থিতিশীল করে তুলছে।

যুদ্ধ থামাতে তেহরানে কাতারের প্রতিনিধি দল

নতুন করে যুদ্ধের উত্তেজনার মধ্যেই কাতারের একটি প্রতিনিধি দল তেহরান সফর করছে বলে জানিয়েছে ইরানি সংবাদমাধ্যম আইএসএনএ। প্রতিবেদনে বলা হয়, দ্বিপক্ষীয় সম্পর্কের পাশাপাশি যুদ্ধ অবসানের কূটনৈতিক প্রক্রিয়াও দলটির আলোচনার অন্যতম বিষয়। যদিও তাৎক্ষণিকভাবে এ বিষয়ে কোনো মন্তব্য করেনি দোহা।

পানি সংকটে মানবিক বিপর্যয়ের শঙ্কা

বুধবার মার্কিন হামলায় ইরানের দক্ষিণাঞ্চলীয় হরমোজগান প্রদেশের সিরিক শহরের দুটি পানি সংরক্ষণাগার ক্ষতিগ্রস্ত হওয়ায় অন্তত ২০ হাজার মানুষ নিরাপদ খাবার পানির সুবিধা হারিয়েছেন। দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, বর্তমানে এলাকাটির তাপমাত্রা ৪৫ থেকে ৫০ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে রয়েছে। তীব্র গরমের মধ্যে সুপেয় পানির সংকট স্থানীয়দের জনজীবনে ভয়াবহ দুর্ভোগ সৃষ্টি করেছে। ইরানি কর্তৃপক্ষ জানিয়েছে, বিকল্প হিসেবে ব্যবহারযোগ্য পর্যাপ্ত ভূগর্ভস্থ পানির উৎসও অঞ্চলটিতে নেই। গ্রীষ্মের তীব্র তাপদাহের মধ্যে পানির এই সংকট বড় ধরনের মানবিক চ্যালেঞ্জে রূপ নিতে পারে বলে সতর্ক করেছেন বিশেষজ্ঞরা।

বিশ্লেষকদের মতে, ইরান-যুক্তরাষ্ট্রের সর্বশেষ হামলা-পাল্টা হামলা এখনও সীমিত পর্যায়ে রয়েছে। উভয় পক্ষ সংঘাতকে নিয়ন্ত্রণের মধ্যে রাখতে চাচ্ছে বলেও মনে করছেন তারা। তবে যে কোনো পক্ষের একটি ভুল সিদ্ধান্ত বা অনাকাঙ্ক্ষিত সামরিক ঘটনা দ্রুত পরিস্থিতিকে বৃহত্তর আঞ্চলিক যুদ্ধে রূপ দিতে পারে বলেও আশঙ্কা জানিয়েছেন তারা। ফলে বর্তমান উত্তেজনা কি আবার কূটনৈতিক পথে ফিরবে, নাকি নতুন এক দীর্ঘস্থায়ী সংঘাতের সূচনা করবে– এ প্রশ্ন নিয়ে মধ্যপ্রাচ্যজুড়ে এখন সৃষ্টি হয়েছে নতুন উদ্বেগ।

তথ্যসূত্র: আলজাজিরা, রয়টার্স, এএফপি, এপি ও আইআরএনএ।

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন