ইরানে আঘাত হানলো ৫ মাত্রার ভূমিকম্প
আন্তর্জাতিক ডেস্ক : চলমান যুক্তরাষ্ট্রের হামলা ও ইরানের পাল্টা হামলার মধ্যে দেশটির দক্ষিণ-পশ্চিম খুজেস্তান প্রদেশে একটি ভূমিকম্প আঘাত হেনেছে।
ইরানি রেড ক্রিসেন্ট সোসাইটির বরাত দিয়ে দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, রোববার (১৯ জুলাই) দক্ষিণ-পশ্চিম খুজেস্তান প্রদেশের সালান্দ এলাকায় প্রায় ১২ কিলোমিটার গভীরে ৫ দশমিক শূন্য মাত্রার একটি ভূমিকম্প আঘাত হেনেছে।
এতে বলা হয়েছে, ভূমিকম্পের কেন্দ্রস্থলের নিকটবর্তী গ্রামগুলোতে সম্ভাব্য ক্ষয়ক্ষতি মূল্যায়নের জন্য দুটি উদ্ধারকারী দল পাঠানো হয়েছে।
এদিকে জর্ডানে ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় যুক্তরাষ্ট্রের দুই সেনা নিহত হওয়ার পর দেশটির বিভিন্ন লক্ষ্যবস্তুতে নতুন করে হামলা শুরু করেছে মার্কিন বাহিনী।
রোববার (১৯ জুলাই) সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, মার্কিন হামলায় ইরানের কেশম দ্বীপের কাছে একটি স্থানকে লক্ষ্যবস্তু করা হয়েছে। এ ঘটনায় কোনো বেসামরিক হতাহতের ঘটনা ঘটেনি এবং আবাসিক বা বাণিজ্যিক অবকাঠামোর কোনো ক্ষতি হয়নি।
এর আগে শনিবার (১৮ জুলাই) রাতে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানিয়েছে, জর্ডানে ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা প্রতিহত করতে গিয়ে দুই মার্কিন সেনা নিহত হয়েছেন, একজন নিখোঁজ রয়েছেন। আহত চার সেনাকে হাসপাতালে নেয়া হলেও পরে তারা দায়িত্বে ফিরে গেছেন। এ ঘটনায় শোক জানিয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প বলেছেন, এই মৃত্যু ‘অত্যন্ত দুঃখজনক ঘটনা’।
অন্যদিকে রোববার ইরানের সেনাবাহিনী দাবি করেছে, যুক্তরাষ্ট্রের হামলার জবাবে কুয়েতে অবস্থিত যুক্তরাষ্ট্রের দুটি সামরিক ঘাঁটিতে ড্রোন হামলা চালানো হয়েছে।
ইরানের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যমে প্রচারিত সেনাবাহিনীর এক বিবৃতিতে বলা হয়, কামিকাজে ড্রোন ব্যবহার করে কুয়েতের ক্যাম্প উদাইরিতে অবস্থিত মার্কিন সেনাবাহিনীর গোলাবারুদ গুদাম এবং আলি আল সালেম বিমানঘাঁটিতে থাকা প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার রাডার ও আকাশ নজরদারি রাডারের ওপর বৃহৎ পরিসরে হামলা চালানো হয়েছে। তথ্যসূত্র: আল জাজিরা






