লোহিত সাগরে আরও একটি ট্যাংকারে হামলা চালিয়েছে ইয়েমেনের ইরান-সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হুতি। ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে জাহাজটিকে লক্ষ্য করে চালানো হয়েছে এ হামলা। এ নিয়ে সৌদির অন্তত আটটি ট্যাংকারে হামলা চালানো হয়েছে বলে দাবি করেছে গোষ্ঠীটি।
বুধবার (০৫ আগস্ট) বার্তা সংস্থা আনাদোলুর এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। গোষ্ঠীটির সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি এক্সে দেয়া এক বিবৃতিতে বলেন, ‘ক্ষেপণাস্ত্রগুলো ট্যাংকারটিতে সঠিকভাবে আঘাত হেনেছে।’ হামলাটি সৌদি আরবের ওপর গোষ্ঠীটির সামুদ্রিক অবরোধ এবং তাদের অবরোধের বদলে অবরোধ’ কৌশলের অংশ বলে জানান তিনি।
সারি প্রতিজ্ঞা করেছেন যে, ফলাফল যাই হোক না কেন, সামুদ্রিক প্রবেশপথ বন্ধ করতে এবং চলাচল আটকাতে হুতি উত্তর লোহিত সাগরে সৌদি তেল ট্যাংকারগুলোর ওপর হামলা অব্যাহত রাখবে এবং আরও তীব্র করবে।
তিনি দাবি করেন, ইতিমধ্যেই ২৯টি সৌদি তেল ট্যাংকারকে লোহিত সাগর ও আরব সাগর দিয়ে যেতে বাধা দেয়া হয়েছে অথবা ফিরিয়ে দেয়া হয়েছে। তবে এই দাবিগুলোর বিষয়ে সৌদি কর্তৃপক্ষের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য পাওয়া যায়নি।






