মুসলিম দেশগুলোকে ঐক্যবদ্ধ হয়ে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের আগ্রাসন মোকাবিলার আহ্বান জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি।
ইরানের এই শীর্ষ কূটনীতিক বলেন, ‘মুসলিমরা যখন ঐক্যবদ্ধ থাকে, তখন আমরা বিদ্বেষী বহিরাগত শক্তির প্রতিটি চ্যালেঞ্জ ঐক্যবদ্ধভাবে মোকাবিলা করতে পারি।’তিনি বলেন, ‘এখন সময় এসেছে কেবল নিজেদের ওপর নির্ভর করার এবং প্রকৃত ভ্রাতৃত্বকে আলিঙ্গন করার।’
এক্সে দেওয়া এক পোস্টে স্বনির্ভরতা ও ‘প্রকৃত ভ্রাতৃত্ববোধের’ ভিত্তিতে ঐক্যবদ্ধ হতে প্রতিবেশী দেশগুলোর প্রতি আহ্বান জানান আরাগচি। তিনি বলেন, বিশ্বের সবচেয়ে অত্যাধুনিক সামরিক শক্তির মোকাবিলায় ইরানের সশস্ত্র বাহিনী তাদের সক্ষমতার প্রমাণ দিয়েছে।
আরাগচি তার পোস্টে লেখেন, ‘বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল সামরিক বাহিনীর মুখোমুখি হয়ে ইরানের শক্তিশালী সশস্ত্র বাহিনী তাদের প্রস্তুতি, সক্ষমতা ও শক্তিমত্তার প্রমাণ দিয়েছে।’
সূত্র: মেহের






