ঢাকা   বুধবার, ২৬ আগস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

হরমুজ চালুর বিনিময়ে নিষেধাজ্ঞা তোলার প্রস্তাব যুক্তরাষ্ট্রের

Authorরেডিও বার্তা ডেস্ক

প্রকাশ: ২৬ আগস্ট ২০২৬, ০৫:৫৭ পিএম

হরমুজ চালুর বিনিময়ে নিষেধাজ্ঞা তোলার প্রস্তাব যুক্তরাষ্ট্রের

যুক্তরাষ্ট্র ইরানের সঙ্গে নতুন এক সমঝোতার প্রস্তাব দিয়েছে। প্রস্তাব অনুযায়ী, ইরান হরমুজ প্রণালি পুনরায় খুলে দিলে এবং মধ্যপ্রাচ্যে তাদের আঞ্চলিক মিত্র ও প্রক্সিদের হামলা বন্ধ করলে ওয়াশিংটন সদ্য শুরু করা ‘অপারেশন ইকোনমিক আউটকাস্ট’ বাতিল করবে, ইরানের ওপর আরোপিত সব নিষেধাজ্ঞা তুলে নেবে এবং দেশটির বিরুদ্ধে চলমান নৌ অবরোধও শেষ করবে। এদিকে, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও জানিয়েছেন, যুক্তরাষ্ট্র খুব শিগগির ইরানে হামলা চালাবে এমন সম্ভাবনা নেই।

সৌদি আরবের রাষ্ট্রীয় মালিকানাধীন সংবাদমাধ্যম আল-হাদাস ও আল-আরাবিয়ার বরাত দিয়ে আরব আমিরাতের সংবাদমাধ্যম ও ইসরায়েলি সংবাদমাধ্যম জেরুসালেম পোস্ট এই তথ্য জানিয়েছে। সৌদি সংবাদমাধ্যম দুটি এক জ্যেষ্ঠ সূত্রের বরাতে এই তথ্য প্রকাশ করেছে।

প্রতিবেদন অনুযায়ী, পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির সম্প্রতি তেহরান সফরের সময় যুক্তরাষ্ট্রের এই প্রস্তাব ইরানের কাছে পৌঁছে দেন। তেহরানে মুনির ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সচিব মোহসেন রেজায়ির সঙ্গে বৈঠক করেন। বৈঠকটিকে একটি ‘স্পষ্ট ও সিদ্ধান্তমূলক’ আলোচনা হিসেবে বর্ণনা করা হয়েছে।যুক্তরাষ্ট্রের প্রস্তাবটি গত জুনে ওয়াশিংটন ও তেহরানের মধ্যে আলোচিত সমঝোতা স্মারকের কিছু বিষয় পুনরুজ্জীবিত করার প্রচেষ্টার সঙ্গে সম্পর্কিত বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। ওই সমঝোতার লক্ষ্য ছিল দুই দেশের মধ্যে চলমান শত্রুতা বন্ধ করা এবং গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল পুনরায় স্বাভাবিক করা।

আল-হাদাস গতকাল মঙ্গলবার জানায়, যুক্তরাষ্ট্র ইরানকে নিষেধাজ্ঞা থেকে মুক্তি এবং নৌ অবরোধ তুলে নেওয়ার প্রস্তাব দিয়েছে। এর বিনিময়ে তেহরানকে হরমুজ প্রণালি খুলে দিতে এবং অঞ্চলজুড়ে ইরানের প্রক্সিদের হামলা বন্ধ করতে হবে। আল-হাদাস ও সৌদি টেলিভিশন চ্যানেল আল-আরাবিয়ার সঙ্গে কথা বলা ওই জ্যেষ্ঠ সূত্রের ভাষ্য অনুযায়ী, পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনিরের মাধ্যমে তেহরানের কাছে প্রস্তাবটি পৌঁছে দেওয়া হয়।

প্রতিবেদনে বলা হয়েছে, মুনির যে প্রস্তাব বহন করে ইরানে গিয়েছিলেন, সেটি ওয়াশিংটন ও তেহরানের মধ্যে আগে আলোচিত ওই সমঝোতা স্মারকের ভিত্তিতে তৈরি। প্রস্তাব অনুযায়ী, ইরান হরমুজ প্রণালি খুলে দিলে এবং তাদের প্রক্সিদের কার্যক্রম বন্ধ করলে যুক্তরাষ্ট্র নৌ অবরোধ তুলে নেওয়া ও নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে প্রস্তুত।ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সচিব মোহসেন রেজায়ি মুনিরকে জানিয়েছেন, তেহরান বিষয়টি নিয়ে অভ্যন্তরীণ আলোচনা চালিয়ে যাবে এবং শিগগিরই জবাব দেবে।

আসিম মুনিরের এই সফর ছিল এক দিনের। তাঁর সঙ্গে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মোহসিন নাকভিও তেহরান সফর করেন। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সম্ভাব্য একটি সমঝোতা এগিয়ে নেওয়ার প্রচেষ্টার অংশ হিসেবেই ইসলামাবাদ এই উদ্যোগ নিয়েছে বলে প্রতিবেদনে বলা হয়েছে।

এদিকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও কয়েকটি দেশের পররাষ্ট্রমন্ত্রীকে জানিয়েছেন, যুক্তরাষ্ট্র এখনই ইরানের বিরুদ্ধে নতুন করে হামলা চালাবে বলে মনে হচ্ছে না। মঙ্গলবার মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওস এ বিষয়ে প্রতিবেদন প্রকাশ করেছে। বিষয়টির সঙ্গে পরিচিত কয়েকটি সূত্রের বরাত দিয়ে প্রতিবেদনটি প্রকাশ করা হয়।

অ্যাক্সিওসের প্রতিবেদনে বলা হয়েছে, সামরিক পদক্ষেপের পরিবর্তে যুক্তরাষ্ট্র এখন অন্য ধরনের ব্যবস্থা নেওয়ার দিকে মনোযোগ দেবে। এর মধ্যে চলতি সপ্তাহের শুরুতে ঘোষণা করা নতুন নিষেধাজ্ঞা উদ্যোগও রয়েছে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েল গত ২৮ ফেব্রুয়ারি ইরানের বিরুদ্ধে হামলা শুরু করে। এর জবাবে ইরান প্রতিবেশী দেশগুলো এবং হরমুজ প্রণালি দিয়ে চলাচলকারী জাহাজগুলোকে লক্ষ্য করে হামলা চালায়।

এপ্রিল মাসে একটি ভঙ্গুর যুদ্ধবিরতির মাধ্যমে সরাসরি লড়াই থামে। এর আগে দুই পক্ষের মধ্যে একটি সমঝোতা স্মারক হয়েছিল। তবে জুলাইয়ে পরিস্থিতি আবারও উত্তপ্ত হয়ে ওঠে এবং উত্তেজনা নতুন করে বাড়ে।

এর মধ্যেই সোমবার যুক্তরাষ্ট্র ইরানের সঙ্গে ব্যবসা করা বিভিন্ন দেশ ও প্রতিষ্ঠানের ওপর আগে থেকে থাকা নিষেধাজ্ঞা আরও বিস্তৃত করার ঘোষণা দেয়। একই সঙ্গে হরমুজ প্রণালিতে ইরান থেকে আসা এবং ইরানের দিকে যাওয়া জাহাজগুলোর ওপর যুক্তরাষ্ট্র নৌ অবরোধ কার্যকর করছে। ফলে একদিকে নিষেধাজ্ঞা ও নৌ অবরোধ আরও কঠোর করার পদক্ষেপ, অন্যদিকে নিষেধাজ্ঞা প্রত্যাহার ও অবরোধ শেষ করার প্রস্তাব, এই দুই বিপরীতমুখী পদক্ষেপের মধ্য দিয়েই ওয়াশিংটন-তেহরান সম্পর্ক এখন নতুন এক দর-কষাকষির পর্যায়ে প্রবেশ করেছে।

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন